জোনাকির ঠিকানায়, আসে যদি রাতপরী
নদী ছোটে মোহনায়, বেসামাল ছোট তরী,
তারাদের আলাপনে, মেঘ সরে চাঁদ হাসে,
শিশিরের অভিমানে, চাঁদ ডোবে ভালোবেসে
মায়ারাত কবিতা, ভোর আনে ভরসা
প্রকৃতি কুপিতা, জড়ো করে হতাশা।
রাতচরা পাখিরা, কাঁদে শুধু ডাকে না,
স্মৃতি ঘেরা ছবিরা, কোথা যাবে বোঝে না ।
রাত যদি কাব্য, নদী ভোর নাব্য
শব্দেরা জব্দ, ভাঙাচোরা কাব্য।
বকুলের ঝরা ব্যথা, আনমনে অনুভব
কথাদের কথকতা, লিখে রাখে শৈশব।
চাঁদ ফুল তারা পাখি, আগামীর জন্য
সাম্যের গান বাকি, জীবন কি ধন্য ?
জাগতিক সুখ ভোগ, যায় যাক যদ্দুর,
সুখ খোঁজা দুর্ভোগ, শান্তিটা কদ্দুর !
গিরগিটি প্রজাপতি, মিলিমিশে বসবাস
জোছনায় মায়াবতী, বর্ণালী সহবাস।
কার রং কোনটা ? কেউ জানে ঠিক করে ?
রং ছুঁয়ে মনটা, নেয় হাওয়া প্রাণ ভরে।
কৈশোর শৈশব, যৌবনে সিঁড়ি ভাঙা
রূপে রসে বৈভব, সাঁঝবেলা মন ভাঙা।
ক্ষমা চাওয়া ভালোবাসা, জীবনের কলতান,
বুকে জাগে বড় আশা, গেয়ে যাই জয়গান।