নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বৈরী আবহাওয়া উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে টাঙ্গাইলের নাগরপুরে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকাল ১১ টায় উপজেলা বিএনপি এর কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এর সভাপতিত্বে ও উপজলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশপ্রেমের উপর আলোকপাত করেন। তাঁরা বলেন, “শহীদ জিয়া ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথপ্রদর্শক। তাঁর শাসনামলেই দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।”
তাঁরা আরও বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্ব নতুন প্রজন্মের কাছে পরিচিত করা জরুরি। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে চলমান অবিচার, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।”
আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বৈরী আবহাওয়া সত্বেও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।