ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের নারী সেনাদের জন্য পরিচালিত বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম হঠাৎ বন্ধ ঘোষণা করেছে। আইডিএফ সূত্রে জানা যায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অংশগ্রহণকারী নারীদের স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে।
এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ছিল ‘কম্ব্যাট মোবিলিটি ইউনিট’-এর জন্য নারী সেনা তৈরি করা, যারা যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনীর কাছে সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং আহত সৈন্যদের উদ্ধার ও চিকিৎসা সহায়তা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
তবে বৃহস্পতিবার (২৯ মে) আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ বন্ধের নির্দেশ দেন। আইডিএফের একটি অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে যুদ্ধের জন্য প্রয়োজনীয় শারীরিক ফিটনেসের মানদণ্ডে ঘাটতি রয়েছে, যার ফলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
আইডিএফ জানায়, প্রাথমিক পর্যায়ের এই স্কিম বাতিল করলেও ভবিষ্যতে নারী সেনাদের জন্য একটি উন্নত প্রশিক্ষণ কাঠামো চালুর পরিকল্পনা রয়েছে। আগামী বছর থেকে নতুন এক পাইলট প্রোগ্রামের অধীনে নারী পদাতিক সেনা নিয়োগ করা হতে পারে।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীদের জন্য বিকল্প সামরিক ভূমিকা প্রদানের কথাও বলা হয়েছে। কেউ চাইলে অন্যান্য যুদ্ধ ইউনিটে স্থানান্তর হতে পারবেন, আবার কেউ প্রশাসনিক দায়িত্বেও কাজ করতে পারবেন।
উল্লেখ্য, ইসরাইলি সেনাবাহিনীতে নারী সদস্যরা বহুদিন ধরেই গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করছেন। কুকুর সহায়তা ইউনিট 'ওকেটজ', যুদ্ধ প্রকৌশলী ইউনিট 'ইয়াহালোম' এবং বিখ্যাত ৬৬৯ উদ্ধার ইউনিটে নারীদের সফলভাবে যুক্ত থাকার রেকর্ড রয়েছে।
ইসরাইলে পুরুষ ও নারী-উভয়ের জন্যই সামরিক সেবা বাধ্যতামূলক, যদিও ধর্মীয় বা পারিবারিক কিছু কারণে নারীরা ছাড় পেয়ে থাকেন।
আইডিএফের এই সিদ্ধান্ত নিয়ে ইসরাইলের সামাজিক এবং সামরিক মহলে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ একে যৌক্তিক সাবধানতা বলছেন, আবার কেউ নারী-পুরুষ সাম্যের প্রেক্ষাপটে এ সিদ্ধান্তের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
সংগৃহীত: জেরুজালেম পোস্ট, আইডিএফ প্রেস রিলিজ
সম্পাদনা: সকালের আলো ডট কম নিউজ ডেস্ক