মা সু দ খা ন

  • পারাপার
  • ২০২৫-০৫-৩০ ০২:৫৯:৫৭
image

কথা ছিল, দেব যৌথসাঁতার। অথচ কথা ভেঙে
একক ডুবসাঁতারে একা চলে এলাম এ-লোকান্তরে
তোমাকে ছাড়াই, ওগো সহসাঁতারিণী।
অনেক তো হলো পরলোকে!
এইবার সাঙ্গ করি পরপারলীলা
দিই আরো একটি অন্তিম ডুব।
ভেঙে দিয়ে এপার-ওপার ভুয়া ভেদরেখা
এক ডুবে ছুটে আসব পরকাল থেকে
সোজা ইহকালেই আবার।
তোমাকে দেখার কী যে দুর্নিবার আকাঙ্ক্ষা আমার!
গিয়ে দেখে আসি—ওহে মুক্তকেশী,
আজ কোন লকলকে লাউডগা সাপে
বেঁধেছ তোমার
শিথিল চুলের রাশি।