মহেশখালী কক্সবাজার ২৯ মে ২০২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে দ্বীপ উপজেলা মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত,১ জনের মৃত্যু,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহেশখালী টু কক্সবাজার নৌ রুটের সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।
মহেশখালীতে ২৯শে মে (বৃহস্পতিবার) সকাল থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সন্ধ্যার নাগাদ বাড়তে থাকে এবং জোয়ারের পানির তোড়ে প্লাবিত হয় মহেশখালী পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড,কুতুবজোম, মাতারবাড়ির সাইরার ডেইল, ধলঘাটা ও ছোট মহেশখালীর নিম্নাঞ্চল। লোকালয়ের রাস্তাঘাট, দোকানপাট ও শত শত ঘরবাড়ি ৫০টির অধিক চিংড়ি ঘের পানির নিচে তলিয়ে যায়। ভেঙে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল থেকে মহেশখালী জুড়ে তীব্রভাবে চলছে লোডশেডিং।
সাগর উত্তাল থাকায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী, কুতুবজোম, মাতারবাড়ির জালিয়াপাড়া ও ধলঘাটা ঘুরে দেখা গেছে, উপকূলীয় লোকজন আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছে। সাগরের উপর ঘনীভূত লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় হঠাৎই জোয়ারের পানি স্বাভাবিক চেয়ে দ্বিগুণ উচ্চতায় প্রবাহিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ছোট মহেশখালীর মূল সড়ক। পানি ঢুকে পড়ে বিভিন্ন ইউনিয়নের বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে। অনেকের সম্পদ পানির তোড়ে ভেসে যায়।
২৯শে মে সকালে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় দানু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি জোয়ারের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।
দানু মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়-দানু মিয়া মৃগী রোগে ভুগছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যু স্থানীয়দের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় - বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে কক্সবাজার উপকূলে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতায় জোয়ার হতে পারে। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মহেশখালী ও কুতুবদিয়া উপকূলের নিকটবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে ছোট ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে সকাল ১১টা থেকে মহেশখালী-কক্সবাজার নৌরুটে সী-ট্রাকসহ সকল ধরণের নৌযানের চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
পাশাপাশি সাগর তীরবর্তী এবং পাহাড়ে বসবাসরত জনসাধারণকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। এছাড়া দুর্গত এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ জানান-উপজেলার বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে, একাধিক বাড়িঘরে পানি ঢুকেছে। এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে এবং দুর্যোগ পরবর্তী সহায়তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।