বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসীর কোন দল ও দেশ নেই। ধর্মের নামে কেউ যাতে জঙ্গিবাদি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামের মর্মবাণী ছড়িয়ে দিতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। এতে যোগ দিয়ে জাতীয় পর্যায়ের বিজয়ী শ্রেষ্ঠ ৫ হাফেজের হাতে সনদ ও পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।
এতে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু ইসলামের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেন। তাঁর নেতৃত্বে মুসলিম বিশ্বসহ আরব দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপিত হয়। বঙ্গবন্ধুই প্রথম আইন করে মদ নিষিদ্ধ করেন; ঘোড়দৌড় ও জুয়া বন্ধ করেন।
ইসলামের প্রসারে তার সরকারের নেয়া নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় পবিত্র কুরআনের ডিজিটাল ভার্সন তৈরি করা হয়েছে। কওমী মাদ্রাসার ডিগ্রীর সরকারী স্বীকৃতি দেয়া হয়েছে। শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী সবার কাছে পৌঁছে দিতে দেশজুড়ে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।
ইসলামের বদনামকারীদের প্রতিরোধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাসের কোন স্থান নেই।
বিশ্বের সব মুসলিম দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো জানিয়ে প্রধানমন্ত্রী আশা করেন মুসলিম উম্মাহ এক হয়ে কাজ করবে।