প্র তা প ম ণ্ড ল

  • প্রেমালাপ
  • ২০২৫-০৫-২৭ ১৯:০৫:৩১
image

শরীরের সাথে নিবিড় সংযোগ মনের বা উল্টোটা মনে করো 
দূর থেকে ভেসে আসা আজান, পাখিদের সুরেলা গান
আরে, পিছলে পিছলে যাচ্ছো কেনো! জড়িয়ে তো ধরো।
সকালটা এমনি করেই শুরু হয়, প্রেয়সীর সাথে প্রেমালাপ
বেলা যত বাড়তে থাকে, বাড়তে থাকে প্রখর রৌদ্রের তাপ।

প্রেয়সী, তোমাকে আর হয়না ছোঁওয়া... প্রবল হাওয়া
বাতাসে ওড়ে কার্বন, ধুলো-বালি আবার কখনো ছাই!
এখন বুকে শুধু হাপরের শব্দ, কিছুই নেই আর চাওয়া।
চাইতে গিয়ে দেখি, আমি এখন সব পেয়েছির দেশে
সত্যি বলছি, আমি আজ পরিপূর্ণ শুধু তোমায় ভালোবেসে।

গোধূলি এসেছে অগোচরে, গোধূলি এখন আমার দেহভরে
পুরোনো যতসব আঘাত, মনের সাথে রোজ হয় সংঘাত
ওষুধে আর কাজ হয়না, যতটা পারি শ্বাস নিই জোরে...
রাতে ঘুম আসে না জানো! আবার ভেঙে যায় তাড়াতাড়ি
প্রেয়সী, কখনো ভাবিনি তুমিও করবে আমার সাথে আড়ি!

আমি রোজ নিয়ম করে, এখনো সঠিক সময়েই ঘরে ফিরি।