একটা ফোন বহুদিন আসেনি
যেই ফোনটা প্রায় সময় আসতো
খুনসুটিতে ভরিয়ে দিত বেশ কিছুটা সময়,
রেগে গেলে বলতো ,
এত ঝগড়া করো কেন?
বলতাম "আমি ঝগড়ুটে তাই।"
ওপাশ থেকে হা,হা করে হাসি ভেসে আসত।
আরো বেশি রেগে গেলে বলতো?
একটু হাসো তো দেখি।
হঠাৎ করেই কিছু না বুঝেই আমিও হেসে দিতাম।
কেমন উষ্ণ রাগ ঠান্ডা জল হয়ে আসতো।
এক ভালো লাগার মৃদু স্রোত বয়ে যেতো নিরালায় শিরা, উপশিরা, ধমনীতে।
সেই ফোনটা বহুদিন আসে না।
তার প্রতিদিনের ডায়াল করা নম্বরটা পাল্টেছে।
আমার ফোনে আসা সেই নম্বরটা আজ পথের অবরোধে আটকে গেছে,
মাঝে মাঝে নিরবে আড়াল থেকে খোঁজ নিই,
নাম্বারটা কি সক্রিয় আছে নাকি নিষ্ক্রিয় হয়ে গেছে?
ওটাও আজকাল একটা অভ্যেস হয়েছে।
অপেক্ষা করার জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না।
ভালোবাসার জন্য প্রয়োজন হয়না কারো সান্নিধ্যের,
ব্যাকুল হওয়ার জন্য প্রয়োজন হয় না কোন সিলমোহরের,
সবকিছু প্রকাশের জন্য প্রয়োজন হয় একটা মানুষের।