স্ত্রীর সম্মতির অপেক্ষায় শেজনি,বার্সেলোনার প্রস্তাব নিয়েই দোলাচলে কাতালান চ্যাম্পিয়নরা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৫-২৭ ১৫:৫১:২৬
image

স্পেনের ফুটবল রাজপাটে এক মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ে কাণ্ডারি হিসেবে যার নাম উঠে এসেছে, তিনি পোলিশ গোলরক্ষক ভয়চেখ শেজনি। বার্সেলোনার গোলপোস্টের নিচে এই অভিজ্ঞ গোলকিপারের অদম্য পারফরম্যান্সে মুগ্ধ কাতালান ক্লাবটি, তাই তো তারা আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে তাকে।
তবে ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। বার্সার জার্সি গায়ে জড়ানো চালিয়ে যেতে তার আপত্তি নেই, কিন্তু তার ‘সবুজ সংকেত’ প্রয়োজন বাড়ি থেকে-অর্থাৎ স্ত্রী থেকে।
এক সাক্ষাৎকারে কাতালান সংবাদমাধ্যমকে শেজনি বলেন, “আমাদের পরিবারের বড় সিদ্ধান্তগুলো স্ত্রীই নিয়ে থাকেন। এতে আমার কোনো লজ্জা নেই। যদিও ফুটবল সম্পর্কিত বিষয়ে সাধারণত আমি সিদ্ধান্ত নিই, তবে এবার বিষয়টা একটু আলাদা। আমরা এক বছর থাকার পরিকল্পনা করেছিলাম, এখন হঠাৎ করে দু’বছরের প্রস্তাব এসেছে। সিদ্ধান্তটা পারিবারিক পরামর্শেই নিতে চাই।”
এ মৌসুমে বার্সেলোনা ঘরোয়া লিগ, কোপা দেল রে এবং সুপার কাপ জিতে ‘ট্রেবল’ ছুঁয়েছে। শেজনি ছিলেন সেই ইতিহাস গড়ার নেপথ্য নায়ক। লিগের সবচেয়ে বেশি ক্লিন শিট, কোপা দেল রে ফাইনালে দুর্দান্ত সেভ আর গোললাইনেই দাঁড়িয়ে বিপক্ষের আক্রমণ রুখে দেওয়া-সব মিলে বার্সা ভক্তদের প্রিয় মুখে পরিণত হয়েছেন তিনি।
শেজনির সিদ্ধান্ত নিয়ে বার্সেলোনাও এখন ধৈর্য ধরছে। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শেজনিকে নিয়ে এখনও আশাবাদী এবং পরিবারের সম্মতির জন্য যে সময় চাওয়া হয়েছে, সেটি তারা দিচ্ছে। তবে সমানতালে তারা বিকল্প পরিকল্পনাও করছে।
ইতোমধ্যে এস্পানিওল ক্লাবের তরুণ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে দলে টানতে প্রাথমিক আলোচনা শুরু করেছে বার্সেলোনা। কাতালান গণমাধ্যমগুলোর দাবি, শেজনি যদি শেষ পর্যন্ত চুক্তি নবায়নে রাজি না হন, তবে গার্সিয়াকেই পরবর্তী প্রধান গোলরক্ষক হিসেবে ভাবছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
শেজনির ফুটবল-ভবিষ্যৎ এখন একটাই প্রশ্নের মুখে দাঁড়িয়ে-স্ত্রীর মত কী হবে?
বার্সার প্রস্তাব লোভনীয়, আর কাতালান সমর্থকদের পক্ষ থেকেও রয়েছে ভালোবাসা। কিন্তু পারিবারিক সম্মতি না পাওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলছেন না এই অভিজ্ঞ পোলিশ গোলরক্ষক।