মিরপুরে দিনের আলোয় ছিনতাই: গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা লুট

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২৭ ১৪:৫৯:০৭
image

রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের কাছাকাছি আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা মাহমুদুল ইসলাম (৪২), যিনি বর্তমানে মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবারসহ বসবাস করছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, ঘটনার সময় মাহমুদুল মানি এক্সচেঞ্জে টাকা জমা দিতে বাসা থেকে রওনা হয়েছিলেন। পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস ভবনের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তাকে থামিয়ে দেয়। তারা অস্ত্রের মুখে টাকা দাবি করে। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা কোমরের বাঁ পাশে গুলি করে এবং সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।
ঘটনার স্থানে আশপাশে দোকান, স্কুল ও সরকারি স্থাপনা থাকলেও দিনদুপুরে এভাবে গুলি করে টাকা লুটে নেওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা মাহমুদুলকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নেন, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, “ঘটনার পরপরই আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হই। এলাকাটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “আহতের পরিবার জানিয়েছে, তার সঙ্গে ২২ লাখ টাকা ছিল যা ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ এবং নিরাপত্তা-নিয়ন্ত্রিত এলাকায় এমন সশস্ত্র হামলা ও ছিনতাই প্রশ্ন তুলছে নগর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিষয়টি নিয়ে মিরপুরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে-যেখানে সকাল ১০টার মতো ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটে যায় পুলিশের চোখ এড়িয়ে।
সম্প্রতি মিরপুর ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, দিনে দিনে সশস্ত্র ছিনতাইয়ের ধরণ ও পরিসর বেড়ে চলেছে। গুলির মতো প্রাণঘাতী উপকরণের ব্যবহার এসব অপরাধকে আরও ভয়ংকর করে তুলছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহমুদুল ইসলামের শরীরে গুলির ক্ষত গুরুতর নয় এবং তার অবস্থা স্থিতিশীল। তবে মানসিকভাবে তিনি বিপর্যস্ত। তার পরিবার বলছে, “দিন দুপুরে এমন ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনার বিচার আমরা চাই।”