সচিবালয়ে উত্তাল কর্মচারি বিক্ষোভ,‘কালা অধ্যাদেশ’ বাতিলের দাবিতে গঠিত সচিব কমিটি

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২৭ ১৪:৪২:২২
image

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো উত্তাল হয়ে উঠেছে সচিবালয় চত্বর। ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যা দেওয়া এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হন রাজধানীর প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশের বাদামতলায়।
চলমান বিক্ষোভের প্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায় থেকে বিষয়টি সামাল দিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে প্রধান করে আট সদস্যের একটি সচিব কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবির। তিনি বলেন, “আমাদের সঙ্গে আলোচনায় বসবে বলেছে সচিব কমিটি। তবে বৈঠকের সময় এখনো নির্ধারিত হয়নি।”
টানা চারদিন কর্মবিরতি ও বিক্ষোভের পর কর্মচারী ঐক্য ফোরাম আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। তবে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই স্থগিতাদেশ কেবল সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে। আলোচনা ফলপ্রসূ না হলে আন্দোলনের নতুন ধাপ শুরু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
চলমান আন্দোলনের উত্তাপের মধ্যেই সচিবালয়ে আজ দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। গেটগুলোতে বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা, মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গণমাধ্যমকর্মীদের সচিবালয়ে প্রবেশেও আজ বাধা দেওয়া হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, “১৯৭৯ সালের যে বিধান দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন, সেটিকে আবার নতুন আঙ্গিকে ফিরিয়ে আনা হয়েছে। এটা আদালতের রায়ের প্রতি অবজ্ঞা। এই অধ্যাদেশের মাধ্যমে কর্মকর্তাদের নির্বিচার ক্ষমতা দেওয়া হচ্ছে, যার ফলে কর্মচারীদের চাকরি নিরাপত্তা মারাত্মকভাবে খর্ব হবে।”
তারা আরও বলেন, “এই কালা আইন মানা হবে না। প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের প্রতিটি কক্ষ তালাবদ্ধ করা হবে। যেকোনো মূল্যে এই অধ্যাদেশ প্রতিহত করা হবে।”
জানা গেছে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যার মাধ্যমে কর্মকর্তারা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন প্রশাসনিক সিদ্ধান্তে—যা বিচারাধীন বা উচ্চ আদালতের সিদ্ধান্তেরও বাইরে চলে যেতে পারে। এটি সরকারি চাকরিতে যুক্তিসঙ্গত প্রতিকার পাওয়ার সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে অভিযোগ আন্দোলনকারীদের।
সরকারি প্রশাসনে বিরল এ ধরণের আন্দোলনের মধ্যেই সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ গ্রহণ ইতিবাচক বলে অনেকেই মনে করছেন। তবে আন্দোলনকারীদের ভাষ্য, “আলোচনার নামে কালক্ষেপণ নয়, বাস্তব সমাধান চাই।”
সচিবালয় আন্দোলনের এই অস্বাভাবিক পরিস্থিতি দ্রুত নিরসনে সরকার ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক আস্থা ও গঠনমূলক সংলাপ এখন সময়ের দাবি। নয়তো, আন্দোলনের আগুন আরও ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব সরকারি প্রশাসনেও পড়তে পারে দীর্ঘস্থায়ীভাবে।