মানবতাবিরোধী অপরাধে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল,ন্যায়বিচারের কৃতিত্ব দিলেন আসিফ নজরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-২৭ ১২:১১:১৬
image

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে সব অভিযোগ থেকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের সর্বসম্মত রায়ে তার মৃত্যুদণ্ড বাতিল করা হয়।
এই রায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে মন্তব্য করে বলেন, “এই ন্যায়বিচারের সুযোগ সৃষ্টি হয়েছে জুলাই গণআন্দোলনের সাহসী নেতৃত্বের কারণে।” তিনি মনে করেন, রায়ের এই মোড় পরিবর্তনের পেছনে গণআন্দোলনের অবদান ছিল গুরুত্বপূর্ণ।
আসিফ নজরুল তার পোস্টে লেখেন, “আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণিত হওয়ায় আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল করেছেন। এই রায় একটি সাহসী পদক্ষেপ, যেখানে পুরোনো ভুল সংশোধনের সুযোগ মিলেছে।”
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালীন রংপুরে সংঘটিত গণহত্যা, অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের ছয়টি অভিযোগে আজহারুলকে মৃত্যুদণ্ড দেন। এরপর তিনি রায় চ্যালেঞ্জ করে আপিল করেন, তবে ২০১৯ সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখে।
পরে ২০২০ সালের জুলাইয়ে আজহারুল ইসলাম রিভিউ আবেদন করেন, যেখানে তিনি ১৪টি যুক্তি উপস্থাপন করেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তার রিভিউ শুনানির অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এরপর নিয়মিত শুনানির পর আজ দেওয়া রায়ে তাকে অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দেওয়া হয়।
রায়ের প্রতিক্রিয়ায় আসিফ নজরুল বলেন, “এই সুযোগটা আমরা সবাই মিলে রক্ষা করতে পারি, যদি ন্যায়বিচারের জন্য সোচ্চার থাকি।”
এই রায়কে ঘিরে রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ একে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন, কেউবা অতীত রায় নিয়ে প্রশ্ন তুলছেন।