যেটুকু ছিটেফোঁটা বেঁচেছিল আমাদের
আমি তাদের নাম রেখেছিলাম অভিমান
ততদিনে শহর রটিয়ে দিয়েছে বিচ্ছেদের কথা
নিজেকে ভুল বোঝাতে এগুলোই ছিল শেষ তথ্য প্রমাণ
সবাই এগিয়ে গিয়েছে
আমি শুধু পুরোনো বইয়ের মতো আঁকড়ে রেখেছিলাম তাদের
ক্রমে ফ্যাকাশে হয়ে যাওয়া স্মৃতি ঠাওর করতে পারে না
কেমন দেখতে ছিলে তুমি
শেষবার ভ্রুর ঠিক মাঝামাঝি ছিল কি না কালো টিপ
তবুও মনে করার প্রবল চেষ্টা
আগলে রাখার আপ্রাণ চেষ্টা করে গেছি আমাদের শেষটা
যেটুকু ছিটেফোঁটা বেঁচেছিল
আমি তাদের নাম রেখেছিলাম অভ্যেস
আদরের বয়স বেড়েছে, যত্নের গায়ে মরচে ধরেছে
তবুও সন্ধ্যা নামার আগে এখনও জিজ্ঞেস করি
কি গো ঘরে ফিরবে না, কাজ হয়েছে শেষ ?