এক ঝাঁক রোদ্দুর, ছায়াপথ মাড়িয়ে
চোখ যায় যদ্দুর, সীমানা ছাড়িয়ে,
পাট ভাঙা শাড়িতে, আসমানী আকাশে
তারাদের হাসিতে, মুক্তির বাতাসে
খুঁজে নিও আমাকে, ভালোবাসা পরশে।
যদি ভুলি তোমাকে, ডানা মেলা হরষে।
সাতরঙা রংধনু, মেঘেদের আড়ালে
ক্ষমা করো নতজানু, হাত যদি বাড়ালে,
বনবীথি ছায়াপথে, মাথা কোটে ঠিকানা
সমুদ্দুরের সাথে, পরিচয় কজনা ?
প্রজাপতি ঘাসবন, নির্ভয়ে ডানা মেলে
সবুজ অবুঝ মন, সব বাধা পায়ে ঠেলে।
চাও যদি মিহি রোদ, ঝরবেই বৃষ্টি
ভুল দিয়ে ভুল শোধ, বেঁচে থাকে সৃষ্টি।
ছায়াপথ জলপথ, বেহুলার ভেলা ভাসে
কত কত জনপদ, উদাসীন ইতিহাসে।
তুমি আমি থেকে যাই, অমৃত মন্থনে
ফিরে আসি ফিরে যাই, মোহমায়া বন্ধনে।
রূপকথা স্বপ্ন ,ফুল ফোটে, মায়া গাছে
ঝরা ফুল নিয়ে ঠোঁটে, মহাকাল গাথা রচে।
ফিরে যাওয়া ফিরে আসা, প্রকৃতির কাননে
আশা আর ভালোবাসা, থেকে যায় মননে।