না সি য়া ডে লা

  • দানের বদলে দান!
  • ২০২৫-০৫-২৬ ০০:৪৬:০১
image

তোমার অসহ্য অভাবে 
নির্মম সব বেদনারা 
আমাকে নির্বিচারে প্রতিক্ষণ,
অদৃশ্য  ফাঁসিতে ঝুলিয়ে তড়পে তড়পে মারছে।
আর আমি বারবার মরছি
সেই ফাঁসিকাঠে, 
পরক্ষণেই বেঁচে উঠছি।
মরা বাঁচার এই দুর্বিপাকে বড্ড ক্লান্ত! 

অথচ এই স্বেচ্ছামৃত্যুকে
ইচ্ছে করেই  প্রতিহত করছি না। 
প্রতিদিন মরছি, 
আর গলায় ফাঁসির দণ্ডের দাগ নিয়ে 
তোমার স্নেহের শর্করাময় ভালোবাসার 
প্রোভিটামিন গিলে বেঁচে উঠছি।    
এ যেনো বহু কালের জীব বিবর্তনের অভিশাপ তোমাকে ভালোবাসার। 

তাইতো! 
দরজা জানালার কপাট রুদ্ধ করে দগ্ধ হচ্ছি 
নিজস্ব নির্মম ঐ অগ্নিতে। 
তবুও ভিক্ষার ঝুলি ধরবো না, 
ভালোবাসার দাসত্ব শৃঙ্খলে আর বন্দীত্ব নয়। 
আমার সমস্ত ঘুম 
আমার বাহুল্য -আমার ঐকতান -এ সৌন্দর্য -
চুপিসারে চুরি করে নিবিড় হয়ে ঘুমাচ্ছে যে পাষণ্ড, 
তাকে আমার অভিশাপ !! 

এই জনমে কেন, 
হাজার জনমেও তুমি আমাকে
ভালো না বেসে পারবে না। 
ভালো বাসতে বাসতে ক্লান্ত হয়ে যাবে, 
তবুও আমাকে
ভালোবাসায় ছাড়তে পারবেনা। 
শাঁইশাঁই চাবুকের আঘাতের মতো
থেথলে শক্ত হয়ে উঠুক হৃদপিণ্ডের মাংস, 
আর কোনো নরম হৃদয় ওখানে বাসা না বাধুক। 
হ্যা ! তোমাকে অভিশাপ দিলাম !!