আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার গরু ও খাসি-বকরির চামড়ার দাম কিছুটা বাড়ানো হয়েছে।
রোববার (২৫ মে) এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম এবার নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। আর ঢাকার বাইরে এই দাম ৫৫ থেকে ৬০ টাকা।
গত বছর এই দাম ছিল সর্বোচ্চ ৬০ টাকা, সেখান থেকে এবার ৫ টাকা পর্যন্ত বেড়েছে।
ঢাকায় কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা, আর ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা।
ছাগলের চামড়ার দামেও পরিবর্তন এসেছে। এবার খাসির চামড়া প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসি ও বকরির চামড়ার দামেও গত বছরের তুলনায় ২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে চাহিদা না থাকলে এবার কাঁচা চামড়া রফতানির সুযোগ থাকবে। এজন্য পূর্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
চামড়া নষ্ট হওয়া রোধে এবার ৩০ হাজার টন লবণ বিনামূল্যে দেশের মাদ্রাসা ও এতিমখানাগুলোতে সরবরাহ করা হবে। এছাড়া ঈদের পরবর্তী ১০ দিন ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না — এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
চামড়ার এই নতুন মূল্য ও ব্যবস্থাপনা নিয়ে দেশজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এবার চামড়ার বাজারে শৃঙ্খলা ও ন্যায্য মূল্য নিশ্চিত হবে।