সাংবাদিক মুন্নি সাহা ও সংশ্লিষ্টদের ১৮ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২৫ ০১:৪২:১৫
image

সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে মোট জমা রয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকার বেশি।
শনিবার বিকেলে সিআইডির মিডিয়া শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে উঠে এসেছে, মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন পেশাগত প্রভাব ব্যবহার করে অর্থ আত্মসাৎ ও অবৈধ লেনদেনে জড়িত ছিলেন বলে সন্দেহ। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯-এর আওতায় তদন্ত চলছে।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের নামে ৪৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছিল, যার মধ্যে বর্তমানে ৩৫টি সচল। এসব হিসাব থেকে সময়ের ব্যবধানে প্রায় ১৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে। বর্তমানে এসব অ্যাকাউন্টে রয়েছে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা।
সিআইডির আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এসব হিসাব জব্দের নির্দেশ দেয়।
সিআইডি জানিয়েছে, প্রাথমিকভাবে এসব লেনদেন সন্দেহজনক মনে হওয়ায় তা আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্তে নতুন তথ্য উঠে আসলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।