পা র মি তা ম ন্ড ল

  • শুধু তোমার জন্য
  • ২০২৫-০৫-২৪ ১৭:৩০:৪৪
image

জানিনা ক'ফোঁটা চোখের জল ফেলেছি 
,তোমাকে ভালোবেসে ?
কি জানি কত রাত জেগেছি 
তুমি ছাড়া স্বপ্নকে বুকে নিয়ে ?

তবুও তুমি ডাকলে আজও ছুটে যেতে পারি,
পাহাড়ের কোল বেয়ে, আঁকাবাঁকা পথ ধরে
শেষ বিকেলের ডুবে যাওয়া সূর্যের গা ঘেঁষে
একরাশ  অভিমানী মন নিয়ে।

বুকের মাঝে স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছি ।
তুমি চাইলে আজও অপেক্ষা করতে রাজি আছি,
থেমে যাওয়া পথের বাঁকে,অথবা ডুবন্ত চাঁদের দেশে,
ভাঙ্গা হৃদয়ের ক্ষতচিহ্ন নিয়ে।

তুমি বললে, আকাশের মেঘ হয়ে ভাসতে পারি,
মিশে যেতে পারি উড়ো বৃষ্টিদের দলে ।
তোমায় ছুঁয়ে দিয়ে আজও বোঝাতে পারি,
অনুভূতিরা বেঁচে আছে শুধু তোমাকে ভালোবেসে। 

তুমি বললে আবার কলম তুলে নিতে পারি,
লিখতে পারি থেমে যাওয়া অসমাপ্ত  কাব্যখানি।
পুরনো ডাইরির ভাঁজ খুলে দেখাতে পারি,
 ভালোবাসাটা  আজও শুধু তোমার জন্যই আছে।

তুমি চাইলে আবার তোমার হাত ধরতে পারি
অনেকটা পথ হাঁটতে পারি দু'জনে একসাথে।
তোমার দেখানো স্বপ্নগুলো, ঘুম ভাঙা রাতে
আজও পাগলের মত শুধু তোমাকেই খোঁজে।

তুমি চাইলে সবকিছু ছেড়ে, পাড়ি দিতে পারি
নিরুদ্দেশের পথে, সেই না ফেরার দেশে ।
শুধু এ মনই জানে কথা দেওয়ার মানে,
বেঁচে থেকেও কিভাবে মানুষ ভালোবেসে মরে।