ক্লাব বিশ্বকাপে রোনালদো! সম্ভাবনার জানালা খুলে রাখলেন ফিফা সভাপতি

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৫-২৪ ১২:৪১:২০
image

সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু তার দল ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের টিকিট কেটে উঠতে পারেনি। তবে তাই বলে কি বিশ্ব ফুটবলের এই রাজপুত্রকে টুর্নামেন্টে দেখা যাবে না? এমনটি হতে নাও পারে-কমপক্ষে ফিফা সভাপতির সাম্প্রতিক মন্তব্য তেমনই ইঙ্গিত দিচ্ছে।
এক ইউটিউব লাইভস্ট্রিমে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সরাসরি জানান, রোনালদোকে ক্লাব বিশ্বকাপে খেলার জন্য অন্য কোনো ক্লাবে দেখা যেতে পারে। তাঁর কথায়, “আলোচনা চলছে, কিছু ক্লাব তাকে দলে টানতে আগ্রহী হতে পারে। সেক্ষেত্রে রোনালদোর খেলা সম্ভব।”
এই আলোচনায় অংশ নিয়েছিলেন জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিড, যার প্ল্যাটফর্মে ইনফান্তিনো আরও বলেন, “কে জানে, হয়তো রোনালদোকে আমরা এবার ক্লাব বিশ্বকাপে দেখতে পাব।” তাঁর এই মন্তব্য নতুন করে রোমাঞ্চ ছড়িয়েছে রোনালদো ভক্তদের মধ্যে।
এখানেই শেষ নয়। ফুটবল বিশ্বের দুই মহাতারকা-লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে একসঙ্গে খেলতে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন ফিফা সভাপতি। “কল্পনা করুন তো, মেসি আর রোনালদো যদি এক দলে খেলত! সেটা তো স্বপ্নের চেয়ে কম কিছু হতো না,” বলেন ইনফান্তিনো।
চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণ। এই প্রথমবারের মতো ৩২টি ক্লাব অংশ নিচ্ছে ২০টি দেশের হয়ে। ফিফা ইতোমধ্যেই ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ ট্রান্সফার উইন্ডো ঘোষণা করেছে, যাতে অংশগ্রহণকারী ক্লাবগুলো নতুন খেলোয়াড় সই করাতে পারবে।
এই ট্রান্সফার উইন্ডোর সুযোগকে ঘিরেই তৈরি হয়েছে জল্পনা-এ সময়ের মধ্যে কোনো বড় ক্লাব রোনালদোকে দলে নিলে, তিনি টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।
অন্যদিকে, লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি স্বাগতিক দেশের ক্লাব হিসেবে সরাসরি টুর্নামেন্টে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্লাবটি সম্প্রতি সাপোর্টার্স শিল্ডও জিতেছে, যা তাদের ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

ফুটবলবিশ্ব এখন অপেক্ষা করছে-রোনালদোকে কি দেখা যাবে আরেকবার বিশ্বমঞ্চে, নাকি এই অধ্যায় এখানেই শেষ?