রাজনৈতিক স্থিতিশীলতার চার দফা প্রস্তাব এনসিপির: বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় দলট

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২৪ ১২:২৯:৫৬
image

ঢাকা, ২৪ মে,
দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফেরাতে চার দফা প্রস্তাব তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন, কাঠামোগত সংস্কার, বিগত ফ্যাসিবাদী শাসনের বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ-এই চারটি বিষয়কে একসূত্রে দেখতে হবে। এগুলো আলাদা না করে একত্রে কার্যকর করলেই রাজনৈতিক আস্থা ফিরবে এবং জনমনে স্থিতি আসবে।”
তিনি আরও বলেন, এনসিপি মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন জরুরি, যাতে নিচু স্তর থেকে রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
বর্তমান অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “তারা গণঅভ্যুত্থানের সময় গণদাবির প্রতিনিধি হিসেবে সরকারে যুক্ত হয়েছিলেন। সে সময়ে আমিও তাদের সঙ্গে ছিলাম। তবে বর্তমানে তাদের সঙ্গে এনসিপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। যদি তারা রাজনীতিতে সক্রিয় হতে চায়, তবে সরকারি পদ ছেড়ে সাধারণ রাজনীতির ময়দানে নামতে হবে।”
সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর প্রকাশিত ৬২৬ জনের তালিকা প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “এই তালিকা যদি ৫ আগস্ট সরকারের পতনের পরপরই প্রকাশ পেত, তাহলে অনেক বিভ্রান্তি বা গুজব এড়ানো যেত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়, তা রোধ করা সম্ভব হতো।”
তিনি অতীতের ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ টেনে আরও বলেন, “সামরিক বাহিনী ও রাজনীতির মধ্যে দূরত্ব বজায় থাকাই রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। অতীতে এমন সংযোগ ইতিবাচক ফল বয়ে আনেনি।”
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।