ইইউ পণ্যে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের, আইফোন আমদানিতেও বাড়তি করের সম্ভাবনা

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৫-২৪ ০০:৪৮:২১
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছেন।
শুক্রবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “তাদের সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসূ হচ্ছে না!”—এই মন্তব্যের মাধ্যমে ইইউ’র সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় অসন্তোষের ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রাম্প জানান, আগামী ১ জুন থেকে এই নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর হতে পারে। এর মাধ্যমে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছিলেন। তবে আলোচনার সুযোগ রাখতে সেটি ১০ শতাংশে নামিয়ে ৮ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। কিন্তু আলোচনায় অগ্রগতি না হওয়ায় এবার শুল্ক হার বাড়ানোর ঘোষণা দিলেন তিনি।
শুধু ইইউ নয়, অ্যাপল কোম্পানির পণ্য, বিশেষ করে আমদানিকৃত আইফোনের ওপরও ২৫ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, “আমি আগেই অ্যাপলের সিইও টিম কুককে বলেছি—যেসব আইফোন মার্কিন বাজারে বিক্রি হবে, সেগুলো যেন যুক্তরাষ্ট্রেই তৈরি হয়, ভারত বা অন্য কোনো দেশে নয়। যদি সেটা না হয়, তাহলে অ্যাপলকে অন্তত ২৫ শতাংশ আমদানি কর দিতে হবে।”
ট্রাম্পের এই ঘোষণা যুক্তরাষ্ট্রে প্রযুক্তিপণ্য আমদানি এবং ইউরোপ-আমেরিকা বাণিজ্য সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় পণ্যের দাম বাড়তে পারে এবং প্রযুক্তিপণ্য বাজারেও অস্থিরতা দেখা দিতে পারে।
বিশ্লেষকদের মতে, বাণিজ্য আলোচনায় চূড়ান্ত সমঝোতা না হলে এই শুল্ক আরোপ বাস্তবায়ন হলে দুই পক্ষের সম্পর্ক আরও খারাপ হতে পারে। এখন সবার নজর আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইইউর পরবর্তী পদক্ষেপের দিকে।