অ রু ণি মা চ্যা টা র্জী

  • অলীক যাপন
  • ২০২৫-০৫-২৩ ১৯:৪৯:১৩
image

উঠোন জুড়ে এক্কাদোক্কা, অলীক জ্যোৎস্না মায়া 
খোলস ভেঙে স্বপ্নে ঢোকা,গত জন্মের ছায়া।
হলদে থাবার খয়েরী শালিক, একলা আকাশ খোঁজে, 
দিন দুনিয়ার নিঠুর মালিক, ওর ব্যথা কি বোঝে ?

দোলনা চড়ে জীবন দোলে, সমুদ্দুরের বাড়ি 
সব মানুষই ঝুলন খেলে, দিচ্ছে জীবন পাড়ি। 
স্বপ্ন সবুজ গুটিপোকার, প্রজাপতির সাধ,
গিরগিটি সব নিচ্ছে আকার, পাতছে মরণ ফাঁদ।

খয়েরী দুপুর, হলদে পাতা, কমলা তাতের আঁচ 
মরা নদীর জোয়ার কথা, বলছে জীবন বাঁচ।
নিঃস্ব জীবন একলা যাপন,শঙ্খচিলের আকাশ,
অনুভূতির চারা রোপণ, জীবন ছুঁয়ে বাতাস।

সব হারানো একলা পথিক, রাজার রাজা তাই 
কে বলবে কোনটা বেঠিক, হারানো কিছুর নাই।
বাঁচতে হলে শ্মশান দেখো, চিতা ভষ্মের ছাই,
বিন্দু বিন্দু জীবন মাখো, সুদূর পানে ধাই।