এ জন্মে তো সঙ্গী হয়েই কাটিয়ে দিলাম
বন্ধু হ'তে পারলাম কই!
এ জন্মে তো ছাদই হয়ে থেকে গেলাম
যখন যেমন তখন তেমন-
রোদ, বৃষ্টি, হিম বাঁচালাম দু-হাত দিয়ে
তোমায় নিয়ে সাগর, পাহাড়, দূর জঙ্গল,
দৌড়ে গেলাম, ছুটে এলাম, হাঁপ ধরালাম,
পাতার শব্দ শোনা হলো না
সাগর অতল ছোঁয়া হলো না
পাহাড় শীর্ষে বুক ভরে শ্বাস নেওয়া হলো না
সবজি বাজার, আঁশ-বৈভব, উজার করে
থালা সাজালাম জন্মদিনে
ফুল ফোটালাম না তো!
আকন্ঠ পান সাঙ্গ হলো সারা পৃথিবী উল্টে দিলাম
চাঁদ চোঁয়ানো সুধার নেশায় মাতাল হলাম না তো!
সারা রাতের গা-ছমছম শরীর খেলার জয়োল্লাসে
পাগল হলাম, বুক ফাটালাম,
নিঃস্ব হলাম না তো!
তোমার শরীর অলঙ্কারে, অহংকারে ভরিয়ে দিলাম,
ফুলের সাজে বনদেবীর রূপ দেখলাম না তো?
পরের জন্মে ছাদ না হয়ে আকাশ হবো
আকাশ, আকাশ, আকাশ হবো,
তোমার সঙ্গে হারিয়ে যাবার অঘ্রাণ-নীল আকাশ হবো
তুমি যেখানে শান্ত গভীর নীল নীল নীল নীলতারাটি
আমার বুকে লুটিয়ে থেকে জীবন থেকে অন্যজীবন
সারা জীবন বয়ে যাবে আকাশ-গঙ্গা
এক মহাকাশ ফুল ফোটাবো
সাগর অতল, পাহাড় শীর্ষে ঘুরে বেড়াবো
জ্যোৎস্না ভেজা সবুজ অন্ধকারের নেশায়
পাতা ঝরাবার শব্দে মাতাল দুটো পাগল
ভোরের আলোয়, নগ্ন স্নানে ভিজে যাবো, ভিজেই যাবো-
কোন সুদূরের ঝর্ণা জলে ভিজিয়ে দেবো
ঘাসের সুবাস গায়ে মাখবো ভালোবাসায়;
ও মগ্নতা, ফিরিয়ে দেবে না তো!
সেই জীবনে, তিন পয়সার সে সংসারে,
তোমার ঘরে, আমার ঘরে,
ভাতের গন্ধ, ডাল ফোড়নের মুঠো উচ্ছ্বাস-
ফিরিয়ে দেবে সুখের ঘরের দশদিগন্ত
দিনের শেষে, রাতের শেষে, নতুন করে জন্ম নেবো
ব্যর্থতাকে দূরে ঠেলে
ভালোবাসার মেঘ রোদ্দুর আর নীলাকাশ ফিরিয়ে দেবো
ক্লান্ত তোমার দু'হাত ভরে
ফিরে আসবো, ফিরে আসবো,
ফুলের কুঁড়ি জাগিয়ে দিতে, আকাশ প্রদীপ জ্বেলে দিতে,
শত কবিতার জন্ম দিতে
ফিরবো আবার আলোকলতার নতুন পাতায়
প্রতীক্ষাতে, অপেক্ষাতে, অপেক্ষারই প্রতীক্ষাতে
জীবন শেষে দাঁড়িয়ে থেকো
অন্ধকারে, ভোরের আলোয় ...
মনে থাকবে!