আমার কুড়িয়ে পাওয়া পেয়ারা গাছ

  • মোঃ বিনয় আমিন ।।
  • ২০২৫-০৫-২৩ ০১:১৪:২৫
image

সত্তর দশকের মাঝামাঝি । মাত্র ক্লাস সিক্সে পড়ছি । পাড়ার বন্ধু বান্ধব নিয়ে পাড়ায় বেড়ান , খেল্ধুলা করা । এদের গাছের আম -- ওদের গাছে পেয়ারা বা বরই --- নির্জন দুপুরে সকলের অলক্ষে চুরি করা । তেমনি এক বড় বাড়ির ভেতরে আম কুড়াতে গিয়ে আমার স্মৃতি নির্ভর পেয়ারার গাছের চাড়াটি খুঁজে পাই । মাত্র চার পাঁচ ইঞ্চি লম্বা গাছটি । কচি কচি পাতা । এটা কি পেয়ারা গাছ ?  সন্দেহ দূর করার জন্য একটি পাতা ছিঁড়ে নাকের কাছে ধরি মিষ্টি একটি গন্ধ নাকের ভেতর দিয়ে মগজে গিয়ে পৌঁছায় । কোন পেয়ারা পাতায় এতো পেয়ারা পেয়ারা গন্ধ আর কখনও পাইনি । যেন একটি পেয়ারা ফল হাতের মুঠোয় ধরে আছি । একবার এরিয়ে গিয়ে চলে যাচ্ছিলাম , কি মনে করে দুর্বা ঘাসের উপরে বসে পরম মমতায় গাছটিকে মাটি মুক্ত করে আনি । তারপর এক দৌড়ে বাসায় এসে বাসার ঠিক মাঝখানে মাটিতে লাগিয়ে দেই । সাথে ঢেলে দেই এক বদনা পানি । ব্যাস -- শুরু হয়ে গেল সকাল বিকাল পানি দেয়া । সাথে একটু পরিচর্চা । দশ বার দিন পরে দেখি গাছে নতুন পাতা গজিয়েছে এবং মনে হল একটু লম্বা হয়েছে । বুঝতে পারলাম এ যাত্রায় টিকে গেল কুড়িয়ে পাওয়া পেয়ারা গাছটি । তারপর চোখের সামনে তরতর করে বেড়ে উঠতে থাকে আমার শখের পেয়ারা গাছটি । খুব আশ্চার্য হয়ে গেলাম -- কয়েক মাস পরে দেখি ব্যাটা না ব্যাটি আমার চেয়ে অনেক লম্বা হয়ে গেছে । অনেক শাখা প্রশাখা -- কচি পল্লব উড়িয়ে আকাশকে ছুঁতে চায় । এভাবে বছর চলে গেল --- হঠাৎ একদিন খেয়াল করে দেখি গাছে প্রায় শাখায় সাদাটে ফুল এসেছে । সেই ফুলের সৌরভ আমি কাছে দাঁড়িয়ে পেয়ে যাই । বাসার সবাই খুব খুশি । মেঝ ভাই বলেন - ওর হাতে গাছ লাগানোর রাশি ভাল । এরপর কিছুদিন পরে দেখি কচি কচি সবুজ পেয়ারা ঝুলে আছে । আমি সারক্ষণ পেয়ারা গাছ তলায় ঘুরঘুর করি । যেন পাহারা দেই । কচি পেয়ারাগুলি দ্রুত বড় হচ্ছে । এতো পেয়ারা ধরেছে যে পাড়ার ছেলে বুড়ো  সবাই দেখতে আসে । একদিন শখ করে কষ্টি পেয়ারা ছিঁড়ে কামড় বসাই --- কড়া পেয়ারা কিন্তু কেমন যেন মিস্টি আর গোলাপের সেন্ট পেলাম ! আশ্চার্য হয়ে গেলাম ! তারপর আরও মাস খানিক পরে আধাপাকা বা পুষ্ট পেয়ারা পারা হল । পেয়ারা খেয়ে সবাই তারিফ করল । এতো স্বাদের পেয়ারা কেউ খায়নি । বিচি কম - গোলাপের সুগন্ধযুক্ত এই পেয়ার সৌরভ মহাল্লা ছাড়িয়ে পুরানো ঢাকায় গিয়ে পৌঁছল , যেখানে আমাদের কিছু ঢাকাইয়া আত্বীয় স্বজনের ছিল । পেয়ারা খাওয়ার উদ্দশ্যে এরা ঘন ঘন আমাদের বাসায় বেড়াতে আসত । আত্বীয় স্বজন ভরে উঠত প্রায় দিন । আমার কাছে খুব ভাল লাগত ।; তাঁদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে হত না । আমি চটপট করে গাছে প্রচুর পেয়ারা পেড়ে আনতাম । তারাও পেট পুরে খেত । আমিও যখন গাছে উঠতাম - এক সাথে ষাট আটটি পেয়ারা খেয়ে তবে , নীচে নামতাম ।  বাচ্চারা গাছের নীচে ঘুরঘুর করত যদি একটি পেয়ারা পাওয়া যায় । আশে -পাশের যুবকেরা ভোর বেলায় ব্যাগ নিয়ে পেয়ারা চুরি করে নিয়ে যেত । পরে এই কাহিনী আমাকে শুনাত । আমি কিছুই বলতাম না --- শুনে হাসতাম । কত খাবি । একটি বরই গাছে যেমন থোকা থোকা পেয়ারা ধরত , তেমনি আমার লক্ষ্মী গাছে পেয়ারা ধরত । বাবা বাজারের একজনকে ডেকে গাছে অর্ধেক পেয়ারা তাঁকে দিয়ে দিত , এতে বাবার টু-পাইস আয় হত । আমরা রাগ করতাম ।  আট দশ বছর পর দেখি আমার লক্ষ্মী ব্যাটি পেয়ারার ফলন কমিয়ে দিয়েছে --- স্বাদের কমতি পেলাম , গোলাপের সৌরভ নেই যেন । আসলেই  , যেন বলছি কেন ? আমার ব্যাটির শেষ কয়েকটি বছর বেশ কষ্ট পেয়েছে -- পাতা হলদে হয়ে ঝরে যাচ্ছে  -- পাতায় ধবলী রোগে আক্রান্ত হয়েছে । পেয়ারা চার পাচটি যাও ধরছে বড় হতে পারছে না । কত অপুষ্টিতে ভুগছে আমার ব্যাটি । তারপর এই স্থানে বড় ভাই বাড়ি বানাবেন --- আমার চোখের সামনে ---- আমার ব্যাটিকে --- । এই দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গিয়েছিল । যা লুকাতে আমি বাইরে চলে গিয়েছিলাম । আমার ব্যাটি আমাকে আঠার উনিশ বছর ফল খাইয়েছে । ওর ত জীবন ছিল !