পররাষ্ট্র সচিব পদে পরিবর্তন: দায়িত্ব পেলেন রুহুল আলম সিদ্দিকী

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২৩ ০০:১৫:৩২
image

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদে এলো বড় পরিবর্তন। বর্তমান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দায়িত্ব ছেড়ে দেওয়ায় তাঁর স্থলে সচিব মো. রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক অফিস আদেশে এই তথ্য জানিয়েছে। শুক্রবার (২৩ মে) থেকে আদেশটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রুহুল আলম সিদ্দিকী মন্ত্রণালয়ের সচিবের পাশাপাশি পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন। এই পদক্ষেপে প্রশাসনিক ও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন প্রশাসন গঠিত হলে পররাষ্ট্র সচিব পদেও আসে পরিবর্তন। এরপর ৮ সেপ্টেম্বর ত্রয়োদশ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. জসীম উদ্দিন দায়িত্ব নেন। তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) নির্ধারিত রয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে। যদিও এর আগেই দায়িত্ব ছাড়লেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, জসীম উদ্দিনকে আবারও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে দেশের বাইরে পাঠানোর সম্ভাবনা রয়েছে। তিনি এর আগে চীন, কাতার ও গ্রিসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি বিসিএস একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তাঁর কূটনৈতিক ক্যারিয়ারে রয়েছে পাকিস্তানে হাই কমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা।
এছাড়াও তিনি সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি এবং করাচি মিশনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত।