পদত্যাগের গুঞ্জনের মধ্যে অধ্যাপক ইউনূসের সঙ্গে এনসিপি আহ্বায়কের গোপন বৈঠক

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২২ ২৩:১৫:১৯
image

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জনের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর যমুনা আবাসিক এলাকায় ইউনূসের সরকারি বাসভবনে এই একান্ত বৈঠক হয় বলে নিশ্চিত করেছে এনসিপির একাধিক সূত্র।
সূত্র বলছে, সন্ধ্যা সাতটার কিছু পর যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। এরপর বেশ কিছু সময় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে কথা বলেন। আলোচনায় মূলত ইউনূসের পদত্যাগ সংক্রান্ত সাম্প্রতিক বিতর্ক এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়েই কথা হয়েছে বলে জানা গেছে।
সাক্ষাতের বিষয়টি নাহিদ ইসলাম নিজেও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে আলোচনার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তাঁর বক্তব্য, “আমি কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করছি না। সময়ই সব পরিষ্কার করবে।”
এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে আরও দেখা করেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একাধিক সূত্র দাবি করেছে, এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্টে দাবি করা হয়, অধ্যাপক ইউনূস নিজে পদত্যাগের কথা ভাবছেন এবং দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা থেকে নিজেকে সরিয়ে নিতে চান। যদিও সরকারিভাবে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
অন্যদিকে কিছু রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে আস্থা রাখার আহ্বান জানালেও, রাজনৈতিক সমন্বয়হীনতা ও মাঠ পর্যায়ে চাপ বাড়ার কারণে তাঁর দায়িত্ব নিয়ে বিতর্ক তীব্রতর হচ্ছে।
পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো ঘোষণা না এলেও, এনসিপি আহ্বায়ক ও অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের এই বৈঠকগুলো নতুন করে নানা প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, সরকার বা ইউনূস নিজে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেন কিনা।