সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন ‘দেশপ্রেমের শপথ’ পাঠের নির্দেশনা

  • নিজস্ব প্রতিবেদক:ই
  • ২০২৫-০৫-২১ ১৭:০০:২৫
image

দেশপ্রেম ও মূল্যবোধের চর্চাকে শিক্ষার্থীদের মাঝে জোরদার করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনন্দিন সমাবেশে শিক্ষার্থীদের দিয়ে নির্ধারিত একটি ‘শপথ’ পাঠ করানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, “সাম্যভিত্তিক, আদর্শ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে নির্ধারিত একটি শপথবাক্য পাঠের উদ্যোগ নেওয়া হয়েছে।”
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থীদের মুখে এ শপথ উচ্চারণ করাতে হবে।

নির্ধারিত শপথবাক্যটি হলো:
“আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন-আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আ-মী-ন।”
শিক্ষা মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে একটি প্রতীকী এবং বাস্তবধর্মী পদক্ষেপ। এতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সচেতন, দায়িত্ববান ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে ওঠার বীজ বপন হবে বলে মনে করছে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।