চুকনগর। বাংলাদেশের ইতিহাসের রক্তাক্ত এক নাম। খুলনার সীমান্তবর্তী একটি ছোট্ট জনপদের নাম হলেও, ১৯৭১ সালের ২০ মে চুকনগর হয়ে ওঠে এক গণকবরে পরিণত ভূমি-a killing field যেখানে মুহূর্তের মধ্যে হত্যা করা হয় হাজার হাজার নিরীহ শরণার্থীকে। অথচ এই গণহত্যার ভয়াবহতা আজও জাতীয় চেতনায় ততটাই অনুপস্থিত, যতটা চাপা পড়ে আছে চুকনগরের মৃতদের হাড়গোড়।
একদিনেই নিধন: ইতিহাসের ভয়ালতম গণহত্যা
২০ মে, ১৯৭১-চুকনগরের বাজার এবং সংলগ্ন এলাকা ছিল শরণার্থীপূর্ণ। ভারত অভিমুখে যাত্রাপথে কয়েক লাখ মানুষ জমা হয়েছিল এই অঞ্চলে। এদের মধ্যে অধিকাংশই ছিল হিন্দু সম্প্রদায়ের, যাদের বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে তাড়িয়ে দিয়েছিল পাকিস্তানি সেনারা। সেই শরণার্থী স্রোতকে লক্ষ্য করেই হঠাৎ হামলে পড়ে পাকিস্তানি বাহিনী। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে নির্বিচার গুলি, বেয়নেট চার্জ ও কামান নিক্ষেপ। অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করতে চেয়েছিল, কিন্তু সেখানেই গুলিবিদ্ধ হয়ে নদী রক্তে রঞ্জিত হয়।
চোখের সামনে মা তার শিশু সন্তানকে বুকে নিয়ে পড়ে থাকেন গুলির আঘাতে। বৃদ্ধ বাবাকে নিয়ে পালাতে গিয়ে গুলি খেয়ে ঢলে পড়েন তরুণ। এমন ভয়াবহতার চিত্র আজও কল্পনা করা কঠিন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, নদীতে এত লাশ ভেসেছিল যে, জোয়ারের টানে রক্তে লাল হয়ে যায় পানি। গড়ে প্রতি মিনিটে ৮ জন করে মানুষ মারা গেছে সেই গণহত্যায়-এটাই ছিল চুকনগর।
হিরোশিমার চেয়েও ভয়াবহ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে ৭০ হাজার মানুষ মারা গিয়েছিল, কিন্তু তা একটি যুদ্ধের পরিণাম। চুকনগর ছিল নিরস্ত্র শরণার্থী ক্যাম্প। এখানে ছিল না কোনো প্রতিরোধ, কোনো প্রতিরক্ষা। তারপরও মাত্র একদিনেই ৮ থেকে ১০ হাজার মানুষকে হত্যা করা হয়-বিশ্বের ইতিহাসে এটি একটি ভয়াবহতম গণহত্যা, যার আন্তর্জাতিক স্বীকৃতি এখনো অধরা।
কেন বিস্মৃত এই রক্তচিহ্ন?
দুঃখজনক হলেও সত্য, রাষ্ট্রীয়ভাবে চুকনগর গণহত্যা নিয়ে স্মরণ বা স্বীকৃতির কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। পাঠ্যপুস্তকে নেই এই ঘটনার উল্লেখ, নেই জাতীয় দিবসের মর্যাদা। গণহত্যার স্মারক, জাদুঘর বা গবেষণা-সবকিছুই প্রায় ব্যক্তিগত ও স্থানীয় উদ্যোগে সীমাবদ্ধ। ফলে এই গণহত্যা ধীরে ধীরে চাপা পড়ে গেছে জাতীয় ইতিহাসের স্তরে।
এটা কেবল ইতিহাস বিস্মরণের ফল নয়-এটা আমাদের মূল্যবোধ ও দায়িত্ববোধের ব্যর্থতার প্রতিচ্ছবি। যারা এই দেশের জন্য রক্ত দিয়েছিলেন, তাদের স্মৃতি বহন না করতে পারলে জাতি হিসেবে আমরা দায়িত্বজ্ঞানহীনই থেকে যাব।
আন্তর্জাতিক স্বীকৃতি ও যুদ্ধাপরাধের বিচারে চুকনগরের স্থান কোথায়?
আন্তর্জাতিকভাবে ১৯৭১ সালের গণহত্যাকে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন জোরালো হলেও চুকনগর কখনোই আলোচনার কেন্দ্রে আসেনি। অথচ এর ভয়াবহতা ছিল অতুলনীয়। চুকনগরের গণকবরে এখনো খুঁজে পাওয়া যায় হাড়গোড়, যুদ্ধের চিহ্ন। যারা রক্ষা পেয়েছিলেন, তারা আজো কাঁদেন সেই স্মৃতির ভারে।
জাতীয় ও আন্তর্জাতিক মহলে চুকনগরকে একটি “স্মৃতিশক্তি” ও “মানবতার শিক্ষাকেন্দ্র” হিসেবে প্রতিষ্ঠা করা জরুরি। শুধু স্মরণ নয়, এটিকে যুদ্ধাপরাধের আন্তর্জাতিক চক্রের উদাহরণ হিসেবেও উপস্থাপন করা উচিত।
একটি প্রস্তাব: স্মৃতি সংরক্ষণ ও প্রজন্ম শিক্ষা
আজ যখন আমরা উন্নয়ন, প্রযুক্তি ও অর্থনীতিতে এগিয়ে যাওয়ার কথা বলি, তখন নিজের ইতিহাসের ভয়াল অংশ ভুলে যাওয়াটা আত্মপ্রতারণার নামান্তর। চুকনগর গণহত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি, জাতীয় জাদুঘরে পৃথক কর্নার এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে কূটনৈতিক উদ্যোগ-এসব এখন সময়ের দাবি।
একটি প্রজন্ম জানবে না, ২০ মে ১৯৭১ এ কী হয়েছিল-এটা হতে পারে না। আমাদের শিশুদের জানতে হবে, কেন একটা নিরীহ জনপদ রক্তের নদীতে পরিণত হয়েছিল। জানতে হবে, স্বাধীনতা কী চরম মূল্য দিয়েই না এসেছিল।
ইতিহাসের ঋণ শোধের এখনই সময়
চুকনগর শুধু একটি গণহত্যার নাম নয়, এটি এক বিস্মৃত প্রতিজ্ঞার নাম-নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়ার দায় যে আমরা পালন করিনি। সেই দায় আজও রয়ে গেছে, গলার কাঁটার মতো।
আজ ২০ মে। এই দিনে একবার হলেও আমাদের থেমে দাঁড়ানো উচিত, মাথা নিচু করে স্মরণ করা উচিত সেই রক্তস্নাত বিকেলকে। যতক্ষণ না চুকনগর তার ন্যায্য মর্যাদা পায়, ততক্ষণ আমাদের স্বাধীনতার ইতিহাসও পূর্ণতা পাবে না।