শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি ও লুটেরার দল বিএনপির সাথে আন্তর্জাতিক কোনো শক্তি নেই। তারা হত্যা ষড়যন্ত্র ও ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছে। দেশের স্থিতশীলতা, অগ্রযাত্রা এবং গণতন্ত্রকে ব্যাহত করতে ক্ষমতায় যেতে চায়।
বিএনপি জামায়াত জোটের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকতে এবং উন্নয়ন আগ্রযাত্রার জন্য জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে ১৫ই আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন পালন করা হয়।
সভায় সূচনা বক্তব্য রাখেন দলীয় প্রধান শেখ হাসিনা। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি, তাদের শাসনামলে মানুষ হত্যা, লুটপাট ও আওয়ামী লীগের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক সরকার চায়নি, এখন কেন চায়।
আওয়ামী লীগ সভাপতি বলেন, যাদের হাতে রক্তের দাগ তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। কোনো আন্তর্জাতিক শক্তি এদের সাথে নেই বলেও জানান শেখ হাসিনা।
তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগের হাত ধরেই দেশের উন্নয়ন হয়েছে। দেশের কল্যাণে মানুষ আবারো নৌকায় ভোট দেবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সন্ত্রাস আর মানুষ হত্যার কারণে বিএনপিকে দেশের জনগণ ভোট দেবে না বলেও জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।