চাঁপাইনবাবগঞ্জে সরকারি জমি লীজ দিয়ে দোকান নির্মাণের প্রতিবাদে সোনামসজিদ মহাসড়ক অবরোধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১৯ ১৬:৩৯:৪৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া হাট সংলগ্ন  সরকারি জমিতে অবস্থিত দৃষ্টিনন্দন পার্কের  জায়গা অস্থায়ী  একসনা  বন্দোবস্ত দেয়া এবং ওই জমিতে ১৫টি দোকান নির্মাণকে অবৈধ দাবি করে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক  অবরোধ কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার(১৯মে) সকাল  পৌনে ১১টার দিক থেকে দুপুর ১টা পর্যন্ত বারঘরিয়া মহানন্দা সেতু চত্বরে  বারঘরিয়া ইউনিয়নের  সর্বস্তরের জনগণের ব্যানারে প্রায় আড়াইঘন্টাব্যাপী অবরোধ চলাকালে সড়কের দু’ধারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রচন্ড রোদ ও গরমের মধ্যেদূর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। আটকা পড়ে আমদানী পণ্যবাহী ট্রাকসহ সবধরণের যানবাহন।চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো: হারুনুর রশীদ কর্মসূচীতে নেতৃত্ব দেন।
কর্মসূচী চলাকালে বক্তব্য দেন বিএনপি নেতা হারুনুর রশীদ,সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক নেতা সারোয়ার জামান, মীম ফজলে আজিম,যুবদল নেতা শওকত আলী,  স্থানীয় ইউপি সদস্য  ফাইজুদ্দিন ফালু, মো. নাসিম. আব্দুস সাত্তার প্রমুখ।
বক্তরা বলেন,এভাবে সরকারি জমি বন্দোবস্ত দিয়ে দোকান নির্মাণ আইনসম্মত নয়। এ জন্য  সম্পূর্ণ জেলা এবং সদর উপজেলা প্রশাসনকে দায়ী করে অবিলম্বে বন্দোবস্ত বাতিল এবং দোকনঘর নির্মাণ বন্ধের দাবি জানান তাঁরা। দুপুরে সাবেক এমপি হারুনুর রশীদ জনদূর্ভোগ বিবেচনা করে এবং তহসিল অফিস,সেনা ও পুলিশ কর্মকর্তাদের অনুরোধে  প্রশাসনকে  লীজ বাতিল এবং দোকান নির্মাণ বন্ধে দু’দিনের সময় দিয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেণ। অন্যথায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করা হবে বলেও তিনি হুঁশিয়ারী দেন।
জেলা প্রশাসক মো:আব্দুস সামাদ বলেন, প্রশাসন স্থানীয় অস্থায়ী ব্যবসায়ীদের একটি কাঠামোর মধ্যে  আনতে জমি লীজ দিয়েছে। স্থানীয়রা নাই চাইলে তা  বিবেচনা করা হবে। তবে জনদূর্ভোগ সৃষ্টি করে দাবি জানানো গ্রহণযোগ্য নয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, আড়াইঘণ্টাব্যাপী কর্মসূচী চলাকালে কোন অপ্রতীকর ঘটনা ঘটেনি।