বলেছিল,সে নাকি ভালোবাসার কাঙাল।
মুহূর্তে মনে পড়েছিল বাবুবাড়ির পুরোনো দুর্গাপুজো ।
বিশাল চারমহলের চারদিক জুড়ে চৌকো রোয়াক।
সেখানে চারপাশে সরু করে পাতা চটের আসন।
একঝাঁক হতদরিদ্র মানুষ।
বিবস্ত্র নয়,
বিশ্বস্ত দুস্থতা তাদের চোখে মুখে,পোশাকের মালিন্যে।
ভোজের পাতা পড়ছে টুপটাপ,
যেন শিউলি!
শিশুগুলি খলবল করছে আনন্দে।
ছেঁড়া ঘোমটা আরো একটু সামনে টেনে নিচ্ছে দেহাতি বৌটি।
পুরুষেরা পূর্ণ মনোযোগের সঙ্গে তাকিয়ে রয়েছে
সামনের গোলাকার শালপাতার থালায়।
ধোঁয়া ওঠা ভাত। সোনামুগের ডাল। বাসন্তী পোলাও।
মাছের মাথা দিয়ে পাঁচমেশালি। কাতলার কালিয়া।
একে একে আসছে। দিগন্তে বেজে উঠছে ঢাক।
থামতে চেয়েও কিছুতেই থামতে পারছে না হরেন বাগদি।
"বাবু হলুদ ভাতটো আর একটুন...."
আহা!সে যে কী অনির্বচনীয় তৃপ্তির সুখ!
আঙ্গুলের আগায়, শিশুর তিকতিকে ফুলে ওঠা পেটে!
নতুন বৌ এর চকচকে চোখে।
দই মিষ্টি পায়েস যখন আসে, তখন সকলেই প্রায় ক্লান্ত।
যে যার জলের গ্লাস খালি করে তারমধ্যে ঝপাঝপ পুরে নেয় সেসব।
কাঙাল।
ওরা খিদের কাঙাল।
ভালোবাসার খিদেও বুঝি এমন!
দীর্ঘদিন ভরপেট ভালোবাসা না পেতে পেতেই বুঝি
মানুষ ভালোবাসার কাঙাল হয়?
বেশ ক'বছর হলো ও বাড়িতে আর কাঙাল ভোজন হয়না।
কেউ নাকি আসেনা সেভাবে। ওদের এখন ভরা পেট।
বেশ তো।
তবু,
ভালোলাগা, নিশ্চয়তা, দুশ্চিন্তা এক এক সময় তালগোল পাকায়,
খিদে ফুরোনো ভালো না খারাপ কে জানে?