পূর্বঘোষিত 'অভিযান' বাস্তবে পরিণত করল ইসরায়েল। গাজার আকাশ, মাটি এবং জনপদ আবারও কেঁপে উঠল বোমার শব্দে। রোববার সকাল থেকে একনাগাড়ে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন-এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসরায়েলি বাহিনীর নতুন স্থল অভিযানের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর ও দক্ষিণ গাজা জুড়ে শুরু হয় ব্যাপক আক্রমণ। নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গিডিয়ন চ্যারট’। এর আওতায় গাজায় ঢুকে পড়েছে ইসরায়েলি রিজার্ভ বাহিনী এবং দক্ষিণ কমান্ডের ইউনিটগুলো।
সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা গেছে আল-মাওয়াসির এলাকার একটি শরণার্থী আশ্রয়কেন্দ্রে। সেখানে রাতভর ক্লান্ত মানুষ ঘুমিয়ে ছিলেন-তার মধ্যেই আঘাত হানে একটি মিসাইল। স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে, যাদের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন শুধু উত্তর গাজায় নিহত হয়েছেন অন্তত ৬৯ জন। বাকি প্রাণহানি হয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়, যেগুলো ইতোমধ্যেই অবরুদ্ধ এবং খাদ্য ও চিকিৎসা সংকটে ধুঁকছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, তাদের সর্বশেষ অভিযানে হামাসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান ধ্বংস করা হয়েছে। টার্গেট করা হয়েছে ‘সুড়ঙ্গপথ, ট্যাংকবিধ্বংসী অস্ত্রভাণ্ডার এবং যুদ্ধ ঘাঁটি’। তাদের ভাষ্য অনুযায়ী, “এটি ইসরায়েলের নিরাপত্তা রক্ষার অংশ।” তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, বাস্তবে এসব হামলার বেশিরভাগ ভুক্তভোগী সাধারণ মানুষ-বিশেষত নারী, শিশু ও বয়স্ক নাগরিক।
গত এক সপ্তাহে চালানো বিমান হামলায় ফিলিস্তিনে প্রাণ গেছে ৫০০ জনের বেশি মানুষের, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই শিশু ও নারী। গাজার প্রধান হাসপাতালগুলো আংশিক বা পুরোপুরি অচল হয়ে গেছে। আহতদের অনেকেই চিকিৎসার সুযোগ না পেয়ে মারা যাচ্ছেন। মজুদ শেষ হয়ে আসছে ওষুধ, খাবার ও পানীয় জলের।
জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা পরিস্থিতিকে ‘চলমান মানবিক বিপর্যয়’ বলে বর্ণনা করেছে। গাজার অধিকাংশ পরিবার খাদ্য, পানি ও আশ্রয়ের অভাবে দিশেহারা। ভেঙে পড়েছে সংযোগ ব্যবস্থা, জরুরি সেবাও প্রায় অচল। যারা বেঁচে আছেন, তারাও বাঁচার লড়াইয়ে দিন কাটাচ্ছেন ধ্বংসস্তূপের পাশে।
মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই কৌশলগত স্থল অভিযান সামরিক সাফল্যের চেয়েও রাজনৈতিক বার্তা ও ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। হামাসের উপস্থিতি নির্মূল নয়, বরং গাজা উপত্যকার জনজীবনকে পুরোপুরি পঙ্গু করে দেওয়াই যেন মূল লক্ষ্য।
আলজাজিরার একজন অনুসন্ধানী প্রতিবেদক মন্তব্য করেছেন, “ইসরায়েলি যুদ্ধনীতি এখন আর কেবল হামাসবিরোধী নয়-এটি গোটা গাজা উপত্যকার বিরুদ্ধেই রূপ নিয়েছে।”
যখন একের পর এক ফিলিস্তিনি শিশু নিহত হচ্ছে, তখন বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া প্রায় নেই বললেই চলে। জাতিসংঘ কেবল উদ্বেগ প্রকাশ করছে, অথচ স্থায়ী যুদ্ধবিরতির জন্য কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
তুরস্ক, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো কিছু দেশ অবশ্য এই অভিযানকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। তবে বড় শক্তিগুলোর অবস্থান এখনো দ্ব্যর্থপূর্ণ।
ইসরায়েলি বোমা গাজায় নামছে, কিন্তু মারা যাচ্ছে মানুষ, স্বপ্ন ও ভবিষ্যৎ। যারা আজ বেঁচে গেছে, তারা অনিশ্চয়তার মাঝেই পরবর্তী প্রহরের জন্য অপেক্ষা করছে-ধ্বংসস্তূপেই খোঁজ চলছে জীবনের।