বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের ছায়ায় ভারত-মিয়ানমার করিডোর: বিকল্প পথের সন্ধানে নয়াদিল্লি

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-১৮ ০১:২৭:০৮
image

আঞ্চলিক ভূরাজনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত অবস্থানকে ঘিরে ভারত তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য নতুন সমুদ্রপথ এবং সড়কপথ সংযোগে বিকল্প পরিকল্পনার পথে এগোচ্ছে। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বিকল্প সংযোগ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ভারত সরকার, যা বাংলাদেশের ওপর নির্ভরতা কমানোর স্পষ্ট বার্তা বহন করছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বরাতে জানা গেছে, মেঘালয়ের মাওলিনখুং থেকে আসামের পাঁচগ্রাম পর্যন্ত প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ চার লেনের একটি নতুন মহাসড়ক নির্মাণ করছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (NHIDCL)। এই মহাসড়ক প্রকল্প ভারতের বহুল আলোচিত কালাদান মাল্টি-মডাল ট্রানজিট প্রকল্প-এর সম্প্রসারণ হিসেবে কাজ করবে, যা মিয়ানমার হয়ে উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের জন্য সমুদ্রপথে বিকল্প রুট সৃষ্টি করবে।
গত মার্চে চীনে সফরকালীন সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ‘ভূবেষ্টিত’ এবং এই অঞ্চলের জন্য বঙ্গোপসাগরে প্রবেশের একমাত্র 'অভিভাবক' বাংলাদেশ। বিশ্লেষকরা মনে করছেন, তার এ বক্তব্য ভারতীয় কূটনৈতিক ও কৌশলগত মহলে একধরনের উদ্বেগ সৃষ্টি করেছে এবং ভারতের বিকল্প সংযোগ পরিকল্পনায় গতি সঞ্চার করেছে।
শিলচর, আইজল, ত্রিপুরা, মণিপুর-উত্তর-পূর্বাঞ্চলের এসব রাজ্যের মধ্যে শিলচর হচ্ছে প্রধান সংযোগস্থল। এই প্রকল্পের মাধ্যমে কলকাতা ও বিশাখাপত্তনম বন্দর থেকে মিয়ানমারের সিত্তে হয়ে পণ্য শিলচরে পৌঁছাতে পারবে বাংলাদেশকে বাইপাস করে। পরিকল্পনা অনুযায়ী, সিত্তে থেকে নৌপথে মালামাল যাবে পালেতওয়া, সেখান থেকে সড়কপথে মিজোরামের জোরিনপুই হয়ে সংযোগ পাবে ভারতীয় মূল ভূখণ্ডে।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে ভারতের পক্ষ থেকে ইতোমধ্যে অন্তত তিনটি যৌথ রেল প্রকল্প স্থগিত রাখা হয়েছে। আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও থেমে গেছে বলে দ্য হিন্দু-র খবরে বলা হয়েছে। প্রায় পাঁচ হাজার কোটি রুপির এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য ছিল বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে স্থল সংযোগ জোরদার করা। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভারত এখন ভুটান ও নেপাল হয়ে বিকল্প রুট খতিয়ে দেখছে বলেও জানানো হয়েছে।
বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র কার্যকর স্থলপথ হচ্ছে শিলিগুড়ির ‘চিকেনস নেক’ করিডোর। এই সংকীর্ণ ভূখণ্ডে সামান্য সামরিক বা প্রাকৃতিক অস্থিরতা ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে কার্যত বিচ্ছিন্ন করে দিতে পারে। তাই শিলং-শিলচর নতুন করিডোর কেবল অর্থনৈতিক নয়, বরং সামরিক ও কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।
নতুন করিডোরটিতে ১৯টি বড় সেতু, ১৫৩টি ছোট সেতু, ৩২৬টি কালভার্ট, ২২টি আন্ডারপাস, ২৬টি ওভারপাস, আটটি সাবওয়ে এবং ৩৪টি ভায়াডাক্ট থাকবে। প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় হাইব্রিড অ্যানুইটি মোডে (HAM) বাস্তবায়ন করা হচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চালু হলে এটি ভ্রমণের সময় সাড়ে আট ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টায় নামিয়ে আনবে।
পর্যবেক্ষকরা বলছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক কৌশলগতভাবে বন্ধুত্বপূর্ণ থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষিতে ভারত নতুন করে বিকল্প সংযোগ স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে। বাংলাদেশের মাধ্যমে রেলপথের কার্যকারিতা এখন প্রশ্নের মুখে, বিশেষ করে বাংলাদেশে চীনের প্রভাব এবং আভ্যন্তরীণ অস্থিরতা ভারতকে ভিন্ন চিন্তা করতে বাধ্য করছে।
দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতি ক্রমেই আরও জটিল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। বাংলাদেশের ভূখণ্ডগত ও সামুদ্রিক অবস্থান তার কৌশলগত শক্তি বাড়িয়ে দিয়েছে ঠিকই, তবে এই শক্তির ভারসাম্য রক্ষা এবং আঞ্চলিক আস্থার জায়গা ধরে রাখা ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। ভারতের বিকল্প করিডর পরিকল্পনা একটি সতর্কবার্তা-কে কেন্দ্র, কে প্রান্ত, তা নির্ধারণ হবে শুধু অবস্থান দিয়ে নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা ও কৌশলগত বুদ্ধিমত্তা দিয়েই।