আদালতের রায়েই মেয়র ইশরাক, শপথে বিলম্বে ক্ষোভ বিএনপি নেতার

  • নিজস্ব প্রতিবেদক,
  • ২০২৫-০৫-১৭ ২৩:২০:২৯
image

ঢাকা, ১৭ মে ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২০ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেছে আদালত। এই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে, তবে এখন পর্যন্ত তার শপথ অনুষ্ঠিত হয়নি। ফলে সৃষ্টি হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক বিভ্রান্তি, যার জন্য অন্তর্বর্তী সরকারের ভূমিকাকেই দায়ী করছেন ইশরাক হোসেন।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি এখন মেয়র হিসেবে আদালতের স্বীকৃতি পেয়েছি। গেজেটও প্রকাশিত হয়েছে। কিন্তু ২০ দিন পেরিয়ে গেলেও আমাকে শপথ করানো হচ্ছে না। এটা আদালতের রায়কে অমান্য করার শামিল।”
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী ঘোষণা হয়েছিলেন। তবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই রায় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে।
ইশরাক দাবি করেন, “এই মামলাটি নির্বাচনের মাত্র ৩০ দিনের মাথায় করা হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা আটকে রাখার চেষ্টা করেছে। এরপরও আমরা আইনি পথে লড়াই করেছি এবং ন্যায়ের জয় হয়েছে।”
ইশরাক হোসেন রায়কে কেন্দ্র করে ওঠা সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “যারা এই রায়ের সমালোচনা করছেন, তারা সরাসরি আদালতের অবমাননা করছেন। আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকলেও আমরা আইনের ফাঁক গলে ন্যায্যতা আদায় করেছি।”
তিনি আরও জানান, গেজেট প্রকাশের ক্ষেত্রে আইন উপদেষ্টা মতামত না নেওয়ার যে অভিযোগ তুলেছেন, তা ভুল। “তার টেবিলেই ফাইল ছিল। ১০ কার্যদিবসের মধ্যে নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়েছে,”-বলেন ইশরাক।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের ওপরও প্রশ্ন তোলেন। তার ভাষায়, “এই উপদেষ্টা পরিষদের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে জনগণের মাঝেই প্রশ্ন রয়েছে। সরকারের ভেতরেই এখন দ্বিমুখী চরিত্র-একটি পক্ষ স্বার্থ নিয়ে কাজ করছে। এমনকি এনসিপি বিচার বিভাগ নিয়ে মন্তব্য করছে, প্রশাসক বসানোর মতো অগ্রহণযোগ্য চেষ্টাও করছে।”
চলমান আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, “আমি নিজে আন্দোলনের কোনো ঘোষণা দিইনি। কাজেই আন্দোলনের বর্তমান রূপরেখার সঙ্গে আমি সরাসরি জড়িত নই। তবে জনগণের গণতান্ত্রিক অধিকার কেউ থামাতে পারবে না। যারা বাধা দিচ্ছে, তারা ফ্যাসিবাদের দোসর।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব মশিউর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এহসান, আইনজীবী নুরুল ইসলাম জাহিদসহ বিএনপির আইন সহায়তাকারী দল ও বুদ্ধিজীবীরা।
বিশ্লেষকদের মতে, ইশরাক হোসেনের রায়ের মধ্য দিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের কার্যকারিতা নতুন করে আলোচনায় এসেছে। পাশাপাশি শপথে বিলম্ব করায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এক প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষকের ভাষায়, “যদি আদালতের নির্দেশিত মেয়রকেও শপথ করানো না হয়, তবে সাধারণ নাগরিক বা রাজনীতিকের অধিকার কতটা নিরাপদ, তা নিয়েই সন্দেহ তৈরি হয়।”