গাইবান্ধায় অভিনব সাইবার প্রতারণা: হ্যাকার পলাতক,বাবা গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক,
  • ২০২৫-০৫-১৭ ২০:০৪:৫৭
image

গাইবান্ধা, ১৭ মে ২০২৫
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অন্যের মোবাইল ফোন, ফেসবুক আইডি, ই-মেইল ও সরকারি ভাতার সিমকার্ড হ্যাক করে কোটি টাকার প্রতারণা চালানো এক সাইবার হ্যাকারকে ধরতে গিয়ে গ্রেফতার হলো তার বাবা। গতকাল শুক্রবার (১৬ মে) গভীর রাত পর্যন্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালানো যৌথবাহিনীর অভিযানে এ ঘটনা ঘটে। অভিযানে বিপুল পরিমাণ হ্যাকিং সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরসিংগা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের বাড়িতে এ অভিযান চালানো হয়। পুলিশের ভাষ্য, আশরাফুলের ছেলে রনি দীর্ঘদিন ধরে অত্যাধুনিক সফটওয়্যার ও ডিভাইসের মাধ্যমে নানা ধরনের ডিজিটাল হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত ছিল। সে একা বসেই দেশের নানা প্রান্তের মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতো এবং সেগুলোর মাধ্যমে মাসে লক্ষাধিক টাকা আত্মসাৎ করতো।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুল ইসলামের বাড়ি ঘেরাও করি। তবে মূল অভিযুক্ত রনি অভিযান শুরুর আগেই গা-ঢাকা দেয়। ঘটনাস্থল থেকে তার বাবা আশরাফুলকে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্য অনুযায়ী হ্যাকিংয়ে ব্যবহৃত ২২শ’ সিমকার্ড, ১২টি মোবাইল, ২টি ল্যাপটপ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।”
পুলিশ জানায়, রনি সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক করে ব্ল্যাকমেইল করতো, আবার একাধিক ভাতা-প্রাপকের নামে থাকা সিমকার্ড হ্যাক করে অর্থ হাতিয়ে নিতো। তার শিকারদের মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতাভোগীরাও রয়েছেন।
এসআই আকতারুজ্জামান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় হ্যাকার রনি ও তার সহযোগীদের নাম উল্লেখ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, “রনির প্রতারণা একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের অংশ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আটক আশরাফুল ইসলাম তার ছেলে রনির কার্যকলাপ সম্পর্কে অবগত ছিলেন কি না, সে বিষয়েও তদন্ত চলছে।”
গাইবান্ধার স্থানীয় বাসিন্দারা বলছেন, এত বড় পরিসরের প্রতারণা তাদের এলাকাতেই চলছিল, এটা ভেবেই আতঙ্কিত। স্থানীয় এক প্রবীণ বলেন, “আমার ভাই মুক্তিযোদ্ধা, কয়েক মাস আগে তার মোবাইল ভাতা নিয়ে ঝামেলা হচ্ছিল। এখন বুঝতে পারছি হয়তো এখান থেকেই হ্যাক করা হয়েছিল।”
পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও র‌্যাবের সহায়তায় হ্যাকার রনিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।