ফারুক চৌধুরীর জন্ম ৪ জানুয়ারি ১৯৩৪ সালে আসামের করিমগঞ্জে।
পৈতৃক বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার বারকোট গ্রামে। শৈশব কেটেছে চাকরিজীবী পিতা গিয়াসুদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে বৃহত্তর সিলেটের মেঘালয় আর আসাম রাজ্যে।
১৯৪৭ সালে দেশভাগের অব্যবহিত পরে আসাম থেকে পরিবারের সঙ্গে চলে আসেন পূর্ব পাকিস্তানে।
নেত্রকোনার আঞ্জুমান হাই স্কুল থেকে ম্যাট্রিক পাসের পর অধ্যয়ন করেন ঢাকা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভের পর স্নাতকোত্তর অধ্যয়নকালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগদান করেন।
চাকরি জীবনের প্রথম দুই বছর কাটে বিদেশে প্রশিক্ষণে। বোস্টনের ফ্লেচার স্কুল অফ ল এ্যান্ড ডিপ্লোমেসি, ওয়াশিংটনের জর্জ টাউন বিশ্ববিদ্যালয় আর ফরেন সার্ভিস ইন্সটিটিউট এবং লন্ডনের ফরেন অফিসে।
প্যারিসের অঁলিয়াস ফ্রান্সেতে ফরাসি ভাষা অধ্যয়ন করেন। তারপর পাকিস্তান আমলের চাকরিজীবন কাটান রোম, বেইজিং, দি হ্যাগ আর অ্যালজিয়ার্সে।
১৯৬৯ সাল থেকে বাংলাদেশের জন্ম অবধি তিনি যথাক্রমে ইসলামাবাদের পররাষ্ট্র দফতরে এবং ঢাকা পররাষ্ট্র দফতরের শাখা অফিসে কর্মরত থাকেন।
স্বাধীনতার পর কিছুদিনের জন্য বাংলাদেশের প্রথম রাষ্ট্রাচার প্রধান হিসেবে নিয়োজিত হন।
১৯৭২ থেকে ১৯৭৬ পর্যন্ত তিনি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার এবং ১৯৭৬ সালে আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
১৯৭৮ সালে ব্রাসেলসে বেনেলুক্স দেশসমূহ এবং ইউরোপীয় সাধারণ বাজারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮২ সালে তাকে ঢাকায় অনুষ্ঠিত ইসলামিক পররাষ্ট্র সম্মেলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়।
১৯৮৪ সালে তিনি পররাষ্ট্র সচিব নিযুক্ত হন। ১৯৮৬ সাল থেকে ১৯৯২ সালে চাকরিতে অবসর নেওয়া অবধি ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন।
জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে তিনি বহুবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এ ছাড়া তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উপদেষ্টা ছিলেন।
এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ফারুক চৌধুরীর বিয়ে হয় ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে জীনাত রহমানের সঙ্গে।
১৭ মে ২০১৭ সালে তিনি পরলোকগমন করেন। শ্রদ্ধাঞ্জলি।