সাকিব আল হাসান ফিরলেন পিএসএলে, লাহোর কালান্দার্সের শেষ মুহূর্তের তুরুপের তাস

  • নিজস্ব ক্রীড়া প্রতিবেদক
  • ২০২৫-০৫-১৬ ০১:৪৬:১৯
image

বিশ্ব ক্রিকেটের এক পরীক্ষিত কাণ্ডারি, বাংলাদেশের অলরাউন্ড তারকা সাকিব আল হাসান আবারও নাম লেখালেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। অনেকটা হঠাৎ করেই। বুধবার রাতে আচমকা লাহোর কালান্দার্সের পক্ষ থেকে প্রস্তাব পেয়ে সম্মতি জানান তিনি। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর তা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা, আলোচনা আর প্রত্যাশার ঢেউ।
কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা নিজেই জানিয়ে দিয়েছেন, দলের গুরুত্বপূর্ণ পর্বে একজন অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে সাকিবের আগমন শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, পুরো ড্রেসিংরুমেও প্রভাব ফেলবে। মূলত নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের অনুপস্থিতির শূন্যস্থান পূরণ করতেই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।
“সাকিব একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। তার অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য হবে। দলের গভীরতা বাড়বে, আত্মবিশ্বাসও পাবে নতুন মাত্রা,” —-বলেন সামিন রানা।
নিজের নতুন মিশন নিয়ে সাকিব বলেন, “পিএসএলে ফিরে আসতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত। এটা এমন একটি লিগ, যা আমি সবসময় উপভোগ করি। কালান্দার্সের হয়ে খেলা আমার কাছে সম্মানের।”
তিনি আরও জানান, দলের স্পিরিট, সমর্থকদের উন্মাদনা এবং ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করার জন্য তিনি প্রস্তুত।
পিএসএলে আগে ৩টি ভিন্ন দলের হয়ে খেলা হয়েছে সাকিবের। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক ম্যাচে তিনি ৩৫ বলে ৫১ রান এবং ১ উইকেট শিকার করে আলোচনায় আসেন। এরপর খেলেছেন পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও।
তার মোট পরিসংখ্যানে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১৮১ রান (গড় ১৬.৩৬) এবং বল হাতে ৮ উইকেট (ইকোনোমি ৭.৩৯)। ইনজুরি ও আন্তর্জাতিক সূচির কারণে অবশ্য নিয়মিত খেলতে পারেননি। তবে যখনই পিএসএলে ফিরেছেন, নিজের ছাপ রেখেছেন।
বর্তমানে পিএসএলে এক জটিল সংকট-বিদেশি তারকাদের অনুপস্থিতি। চলমান আন্তর্জাতিক সূচির কারণে অনেকেই ব্যস্ত, আবার কেউ কেউ পাক-ভারত রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ঝুঁকি নিতে চাইছেন না।
এমন বাস্তবতায় পিএসএল ব্যবস্থাপনা ঝুঁকছে ‘সাপ্লিমেন্টারি ড্রাফট’-এর দিকে, যেখানে প্রয়োজনে আরও বিদেশি ক্রিকেটার যুক্ত করা হবে।
এই প্রেক্ষাপটেই সাকিবকে টেনে আনল লাহোর কালান্দার্স। টুর্নামেন্টে ফিরে আসার সিঁড়ি হয়ে উঠল এই ‘ঘাটতির বাজার’।
বাংলাদেশের আরেক প্রতিভাবান ক্রিকেটার রিশাদ হোসেন টুর্নামেন্টের শুরু থেকেই লাহোর দলে আছেন। কিন্তু তার থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ, ১৭ মে থেকে বাংলাদেশ জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে দুটি টি-টোয়েন্টি। সেই সিরিজের জন্য রিশাদকে ডাকা হলে, পিএসএলের মাঝপথে তাকেও ছাড়তে হতে পারে।
কালান্দার্সের স্কোয়াডে সাকিবের উপস্থিতি মানেই বোলিং-ব্যাটিং দুই বিভাগে ভারসাম্য। সাকিব শুধু একজন পারফর্মার নন, একজন মেন্টর, একজন নেতা। তরুণদের আত্মবিশ্বাস, পরিকল্পনায় যুক্ত হওয়ার দিক থেকেও তার প্রভাব হবে ব্যাপক।
সামিন রানা বলেন, “সাকিবের সঙ্গে থাকা মানে শুধু ১১ জনে একজন নয়, পুরো দল যেন অতিরিক্ত অক্সিজেন পায়। মাঠে সে যা করে, তা দেখার মতোই।”
স্থগিত থাকার পর ১৭ মে থেকে আবারও মাঠে গড়াচ্ছে পিএসএল। লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারেন সাকিব। পরিস্থিতি বুঝে তাকে প্লেয়িং ইলেভেনে রাখা হবে। তবে তার অভিজ্ঞতা, সাম্প্রতিক ফিটনেস ও প্রস্তুতি বিবেচনায় তাকে নিয়েই মূল পরিকল্পনা সাজাতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।