তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন সরাসরি শান্তি আলোচনা শুরুর আগে থেকেই স্পষ্ট ছিল-এটি একটি স্নায়ুযুদ্ধের কূটনৈতিক পর্ব হতে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার (১৫ মে) আলোচনার আসর বসলেও সেখানে অনুপস্থিত থাকছেন দুই প্রধান চরিত্র-রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ক্রেমলিনের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি। ক্রেমলিন জানায়, “রাষ্ট্রপতি পুতিন এই আলোচনায় অংশ নেবেন না।”
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগে থেকেই জানিয়ে আসছিলেন, তিনি আলোচনায় যোগ দেবেন শুধুমাত্র পুতিনের উপস্থিতিতে। কিন্তু ক্রেমলিনের ঘোষণার পর এ আলোচনার ভবিষ্যৎ এখন অস্পষ্ট।
আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের পর বুধবার রাতে নিজের ভাষণে জেলেনস্কি বলেন:
“শান্তির জন্য আলোচনায় বসতেই প্রস্তুত আমি। কিন্তু সেটা কেবল তখনই অর্থবহ হবে, যদি পুতিন নিজে আসেন। রাশিয়া থেকে কে আসবে তা দেখেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।”
এই মন্তব্যেই স্পষ্ট-জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেন পুতিন ছাড়া কোনো বিকল্প মুখোমুখি আলোচনায় আগ্রহী নয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি চলতি বছর জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকে রাশিয়া-ইউক্রেন সংকটে সরাসরি মধ্যস্থতার উদ্যোগ নিয়েছেন, তিনিও শেষমেশ ইস্তাম্বুল আলোচনায় অংশ নিচ্ছেন না।
এর আগে ট্রাম্প বলেছিলেন, “পুতিন থাকলে আমি আলোচনায় যাব।”
তবে ক্রেমলিনের প্রতিনিধি তালিকা প্রকাশের পর ট্রাম্পও নিজের অবস্থান নীরবতায় গুটিয়ে নিয়েছেন।
রবিবার রুশ প্রেসিডেন্ট কোনো পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। পশ্চিমা দেশগুলোর এক মাসব্যাপী যুদ্ধবিরতির আহ্বান ও কিয়েভে ইউরোপীয় নেতাদের বৈঠকের পর এ বক্তব্য আসে।
এই প্রস্তাবে সাড়া দিয়েছিলেন জেলেনস্কি, তিনি বলেছিলেন, “আমি নিজেই তুরস্কে যাব, যদি পুতিনও যান।”
২০২২ সালের মার্চে ইস্তাম্বুলেই সর্বশেষ রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসেছিল। তখন থেকেই যুদ্ধ আরও জটিল ও রক্তক্ষয়ী রূপ নেয়। এরপর পুতিন ও জেলেনস্কির সামনাসামনি আর কোনো বৈঠক হয়নি।
সেই প্রেক্ষাপটে এবারের ইস্তাম্বুল বৈঠকটি হতে পারতো একটি টার্নিং পয়েন্ট। কিন্তু প্রধান নেতাদের অনুপস্থিতিতে সেটি এখন শুধুই প্রতীকী কূটনীতি হয়ে যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা এই আলোচনা ‘আধা-সফল প্রচেষ্টা’ বলে অভিহিত করছেন।
আর ট্রাম্পপন্থী মিডিয়া বলছে, “পুতিন যদি উপস্থিত না হন, তাহলে শান্তির আশাও তেমন বাস্তব নয়।”
ইস্তাম্বুলে শান্তির জন্য আলোচনার আয়োজনটা সাজানো হয়েছিল একটি ঐতিহাসিক সমঝোতার সম্ভাবনা নিয়ে। কিন্তু আলোচনার টেবিলে বসেছেন কেবল প্রতিনিধিরা,নেতারা গায়েব।
শান্তির যাত্রা শুরু হল বটে, কিন্তু চালকহীন এই বৈঠক কেবল রাজনৈতিক সৌজন্যের একটি আনুষ্ঠানিকতা হয়ে থাকছে।
প্রশ্ন উঠছে-যদি পুতিন বা জেলেনস্কি কেউই উপস্থিত না থাকেন, তাহলে কীভাবে যুদ্ধের সমাপ্তির পথ তৈরি হবে?
বিশ্ব অপেক্ষা করছে-কে প্রথম সাহস করে সামনে আসবেন: পুতিন না জেলেনস্কি?
আর সেই প্রত্যাশার মাঝেই ইস্তাম্বুলে বসছে একটি অর্ধ-উপস্থিতির শান্তি আলোচনা।