চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪মে) দুপুওে পৌরভবন সম্মেলন কক্ষে শহর সমন্বয় কমিটির ত্রৈ-মাসিক সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.আজাহার আলী। বাজেটে রাজস্ব,সরকারি বরাদ্দ ও প্রকল্প সহ বিভিন্নখাতে আয় এবং রাজস্ব ও উন্নয়ন সহ বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৯৮ লক্ষ ৫৬ হাজার ৪৯৬ টাকা (আয়-ব্যয় সমান)।
বাজেট সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, এলজিইডি উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন,পৌর নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ সহ পৌর এবং উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম শ্রেণীর এই পৌরসভার প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্প প্রাথমিকভাবে নিশ্চিত হবার পরই বাজেট প্রাক্কলন করা হয়েছে। এছাড়া বর্তমানে জনপ্রতিনিধিরা না থাকায় রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে তাঁদের সম্মানী ব্যয়ের অর্থ সাশ্রয় হবে।