স ঙ্গী তা ক র

  • পরকীয়া
  • ২০২৫-০৫-১৪ ১২:১২:৫২
image

মধ্য বয়স অতিক্রান্ত হয়েছে প্রায় 
এসময় জীবন জুড়ে ভরা হাট
কর্মক্ষেত্রে পদোন্নতি আর সংসারের যাঁতাকলে অবসর নিয়েছে সময়,
তবুও ফাঁকা ফাঁকা লাগে 
কি নেই? কেন নেই? 
তার উত্তরও জানা নেই 
রাত নামলে রবীন্দ্রনাথ জড়াই 
'গীতবিতান' এর পৃষ্ঠায় পৃষ্ঠায় ছড়ানো প্রেম 
সে প্রেম বাঁচতে শেখায়, ভালোবাসতে শেখায়, জীবনকে বুঝতে শেখায়
অন্তহীন সাগরে ডুবে ডুবে সন্ধান করি 
এখানে চিরন্তন অভিসার চলতেই থাকে,
এখন আর প্রতিদিনের খিদে পাওয়ার মতো 
যৌনতা পায় না 
কামনার বশে কাছে থাকা মানুষটিকে যখন তখন জড়িয়ে ধরতে ইচ্ছে করে না, 
নিয়ম করে তন্দ্রা আসে চোখে 
এই রাত গুলোতে রবীন্দ্রনাথ, জীবনানন্দই  যথেষ্ট! 
শুধু দিনের আলোয় শূন্যস্থান ভেসে ওঠে 
কাজের ফাঁকে ফাঁকে সুনামি হয় বুকে
অল্প সময়ে ক্ষতবিক্ষত করে দেয়
ইচ্ছে করে কেউ একটা থাকুক
একটা ফোন আসুক তার
খানিক কথা বলা চলুক
একটু খোঁজ নেওয়া হোক 
কফিশপে মুখোমুখি বসে কাপ শেষ করবো একসাথে
কোনো এক সন্ধ্যায় ভিক্টোরিয়ায় সূর্যাস্ত দেখবো দুজনে
ভাবতেই রোমাঞ্চ জাগে, শিহরণ লাগে
এ সময় যদি তুমি এসে সামনে দাঁড়াও  
যদি ভেঙে যায় অবরুদ্ধ মনের বাঁধ 
সবাই একে পরকীয়া ভাবতে পারে 
আমি বলবো এ আমাদের অপূরণীয় প্রেমের সাধ।