ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ,পাশের হার ৯৩ শতাংশ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-১৪ ০২:০৪:৫৮
image

ঢাকা, ১৪ মে ২০২৫ 
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাস পরীক্ষার ২০২৩ সালের ফলাফল প্রকাশিত হয়েছে। এবার তিন বর্ষ মিলিয়ে সারাদেশে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে গড় উত্তীর্ণের হার ৯৩ শতাংশ, যা বিগত বছরের তুলনায় একটি ইতিবাচক অগ্রগতি বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে ফলাফলের প্রতিবেদন হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফাজিল স্নাতক পর্যায়ের তিন বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ১৭ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৮২৮ জন।

বর্ষভিত্তিক ফল বিশ্লেষণ:
প্রথম বর্ষ: পাসের হার ৯০.৪৮ শতাংশ
দ্বিতীয় বর্ষ: পাসের হার ৯৪.৭৪ শতাংশ
তৃতীয় বর্ষ: পাসের হার ৯৬.৫৫ শতাংশ

উপাচার্য জানান, ফলাফল প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করেছে। তিনি বলেন, “আমাদের স্বল্প সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়েছে শুধুমাত্র সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কারিগরি টিমের সহযোগিতায়।”

মেধাতালিকায় যারা শীর্ষে
এবারের পরীক্ষায় প্রথম বর্ষে মেধাতালিকায় শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুরের ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদরাসা। দ্বিতীয় ও তৃতীয় বর্ষে যৌথভাবে শীর্ষে রয়েছে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা।
শীর্ষ ফল অর্জনকারী মাদরাসাগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, “এই সাফল্য শুধু প্রতিষ্ঠানগুলোর নয়, ইসলামী শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে একটি অনুপ্রেরণা।”
তিনি আরও জানান, ভবিষ্যতে ফলাফল প্রকাশে প্রযুক্তি ব্যবহার আরও জোরদার করা হবে এবং শিক্ষার্থীদের জন্য ফলাফল প্রাপ্তির পদ্ধতি সহজ করা হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iau.edu.bd) শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।