মানুষ সতত বদলায়, কেন তবে এ বদল
ঋতুর মতো অবিন্যস্ত দেখি, জানি না তার হেতু
তুমিও তো বদল হও যেমন বদলায় জল
আজতক ভূপাতিত হয়ে গেলো কত ধুমকেতু।
আপন ভাবতে ভাবতে কখন হয়ে যায় পর
গাছেরা সজীব হলেও ঝরে পড়ে বিমর্ষ পাতা
মানুষ পাল্টায় কেন, তুমি কী জানো তার উত্তর !
ঘুর্ণিঝড়ে লাভ কী যে, ধরে মাথার উপরে ছাতা।
পাল্টায় নদী পাল্টায় গিরি, ফুল ফল গাছপালা
মানুষ একটু বেশি -- আরো কেমন অন্যরকম
শুধু এই কঠিন মনে ক্রমশঃ বেড়ে যায় জ্বালা
দিনান্তে মানুষ হয়ে যায় কেন মানুষের যম !
তবে তুমিও পাল্টাও বারবার যত ইচ্ছে তত
আমিও আদিম পাথর হয়ে রয়ে যাবো অক্ষত।