তা স নু ভা শ ব ন ম

  • প্রানহীন নদী
  • ২০২৫-০৫-১৩ ০২:৫৮:০৪
image

বুকে জল নিয়েও মরে যায় নদী। 
ঢেউ হীন। 
স্রোত হীন। 
শান্ত নদীর জল। 
একটা দুটো নৌকা যায়। 
পাড় না ছুঁতে পারা ছোট ছোট ঢেউ উঠে। 

মনে পড়ে; একদিন তার বুকেও জলের মতো প্রাণ ছিল। 
উপচে পড়া জল ছিল।
 পাড় ভাঙা ঢেউ ছিল। 
ব্যক্তিগত মানুষের মতো সাগরের সাথে সখ্যতা ছিল। 

এখন কেবল জল আছে। 
প্রাণ নেই। 
ঢেউ নেই। ঢিল ছুঁড়েও তার বুকে ঢেউ তোলা যায় না। 
সাগরের সাথে সখ্যতা হারিয়ে ফেলা নদীর মতো কেউ কেউ 
ব্যক্তিগত মানুষ হারিয়ে এক জীবনে মৃতের মতো বেঁচে থাকে। 

ঢেউ হারা নদীর মতন তারা হাসতে ভুলে যায়।
বুকে জল নিয়ে বয়ে যাওয়া মরা নদীর মতন 
নিরানন্দ জীবন নিয়ে তারা কেবল বাঁচার জন্যই বেঁচে থাকে।