শাহবাগ ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান,চলাচল স্বাভাবিক

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-১২ ০০:০৫:২৮
image

জুলাই সনদ প্রকাশ, আহতদের সুচিকিৎসা ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড় দখল করে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা অবশেষে সরে এসেছেন জাতীয় জাদুঘরের সামনে। এর ফলে স্বাভাবিক হয়েছে শাহবাগ এলাকার যান চলাচল।
রোববার রাত ১০টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় থেকে সরে গিয়ে জাদুঘরের সামনে অবস্থান নেন। এর আগে রাত ৯টায় পুলিশ এসে মোড়ের চারপাশে থাকা ব্যারিকেডগুলো সরিয়ে নেয়। এতে করে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
আন্দোলনকারীরা জানান, তারা জুলাই আন্দোলনের সময় আহত হয়েছেন এবং এখনো তাদের সুচিকিৎসা হয়নি। একইসঙ্গে তারা দাবি তুলেছেন, ‘জুলাই সনদ’ প্রকাশ এবং দল হিসেবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার।
এর আগে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের মাঝখানে বসে স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা না করলেও ব্যারিকেড তুলে দিয়ে জানিয়েছে, সোমবার থেকে কর্মদিবস শুরু হওয়ায় সড়ক বন্ধ রাখা যাবে না।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, “শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় আন্দোলন চলতে পেরেছে। কিন্তু সোমবার অফিস-আদালত খুলবে, তাই সড়ক দখল রাখা যাবে না। ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিকভাবে চলছে।”
আন্দোলনকারীরা এখন জাদুঘরের সামনে অবস্থান করে তাদের দাবি জানিয়ে যাচ্ছেন। পরিস্থিতি শান্ত থাকলেও আন্দোলনের বিষয়ে প্রশাসনের দৃষ্টি রয়েছে বলে জানা গেছে।