তোমার সাথে থাকতে থাকতেই আমি
কেমন একা থাকতে শিখে গেলাম।
তোমার সাথে থাকতে থাকতেই
কান্না লুকিয়ে হাসতে শিখে গেলাম।
অনেক কিছু হওয়া সত্বেও কিছু হয়নি'র ভান করে
স্বাভাবিক থাকতে শিখে গেলাম।
তোমার সাথে থাকতে থাকতেই
ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেল,
সম্পর্কের ওপর যে অগাধ আস্থা ছিল,
সেই আশ্বাসে চিড় ধরলো, টলমল করে উঠলো ভিত।
তোমার সাথে থাকতে থাকতেই
আমি মানুষটাই পুরোপুরি বদলে গেলাম।
অথচ তুমি বুঝতে পারলে না, জানতেও পারলে না,
ভীষণ ভাবে থাকতে থাকতে নেই হয়ে যাওয়া মানুষটা
তোমার সাথে থাকে,পাশে থাকে নিত্যদিন।