রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় একটি বাসা থেকে দুই নারীর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা জানাজানি হয়। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পশ্চিম শেওড়াপাড়ার একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “ঘটনাস্থলে আমরা উপস্থিত আছি। নিহতদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”
পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে। বাসার আশপাশে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় জানাতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাসাটি কয়েক মাস আগে ভাড়া নেওয়া হয়েছিল। বাসার ভেতর থেকে কোনো আর্তচিৎকার শোনা যায়নি বলে দাবি তাদের।
এই ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সম্ভাব্য সব দিক থেকে তদন্ত চালানো হচ্ছে।