দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাঁচ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে লিভারপুল। তবে এ অর্জনের নায়ক যদি একজনকে বেছে নিতে হয়, তবে সেটা নিঃসন্দেহে মোহাম্মদ সালাহ। অল রেডদের আক্রমণভাগের এই মিশরীয় সুপারস্টার যেন পুরো মৌসুমজুড়ে ছিলেন অপ্রতিরোধ্য, অপরাজেয়।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ সালাহ এবার অর্জন করলেন ২০২৪–২৫ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের খেতাব। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (FWA) আয়োজিত ভোটে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন এই তারকা। ৯০০-এরও বেশি ক্রীড়া সাংবাদিকের মধ্যে প্রায় ৯০ শতাংশ ভোটই গেছে তার পক্ষে-যা প্রমাণ করে, মাঠে সালাহ কেবল গোল নয়, মনও জয় করেছেন।
তৃতীয়বারের মতো ইতিহাসের অংশ
সালাহ এবার নিয়ে তৃতীয়বারের মতো পেলেন এফডব্লিউএ-এর বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি। এই কৃতিত্বে তিনি শামিল হলেন আর্সেনালের কিংবদন্তি থিয়েরে অঁরির সঙ্গে, যিনি একই সংখ্যকবার এই পুরস্কার জয় করেছিলেন। ইংলিশ ফুটবলের ইতিহাসে এটি নিঃসন্দেহে এক বিরল অর্জন।
পরিসংখ্যানেও রাজত্ব
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সালাহ একাই করেছেন ২৮ গোল। তাতেই তিনি হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। তবে শুধু স্কোরিংই নয়, সহায়তায়ও তার ছিলো দারুণ অবদান-১৮টি অ্যাসিস্ট দিয়ে তিনি হয়েছেন মৌসুমের শীর্ষ অ্যাসিস্টদাতা। গোল কিংবা পাস, প্রতিটি আক্রমণেই যেন সালাহ ছিলেন কেন্দ্রবিন্দুতে।
অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শীর্ষে
পুরস্কারের দৌড়ে সালাহর সঙ্গে ছিলেন ক্লাব সতীর্থ ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক, নিউক্যাসলের স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক এবং আর্সেনালের মিডফিল্ডার ডেকলাইন রাইস। তবে ভোটের ব্যবধান ছিলো এতটাই বেশি যে, সালাহর আধিপত্য নিয়ে কোনো প্রশ্নই তোলা যাচ্ছে না।
নারী বিভাগে রুশোর শ্রেষ্ঠত্ব
এ বছর নারী ফুটবলারদের মধ্যেও বর্ষসেরা নির্বাচিত হয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড অ্যালেসিয়া রুসো। ক্লাব ও দেশের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে তিনি নিজেকে প্রমাণ করেছেন সর্বোচ্চ মঞ্চে। পুরস্কার গ্রহণের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে আগামী ২২ মে, লন্ডনে এক জমকালো আয়োজনে।