আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নিজ দলের নেতাকর্মীদের নিয়ে সরাসরি যোগ দেন চলমান এই কর্মসূচিতে। যমুনার সামনে তখন আগেই জমায়েত ছিল ছাত্র-জনতা, যাদের নেতৃত্বে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
স্লোগানে মুখর রাত, দাবি একটাই-‘আওয়ামী লীগ নিষিদ্ধ হোক’
রাত গভীর হলেও মিছিল-স্লোগানে থেমে থাকেনি প্রতিবাদ। বিক্ষোভকারীরা ‘দলীয় দুর্বৃত্তায়নের বিচার চাই’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’ ইত্যাদি স্লোগানে রাস্তাজুড়ে প্রতিবাদ জানায়।
এনসিপি নেতারা বলেন, “যে দল গণতন্ত্র ধ্বংস করেছে, সংবিধান বদলে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছে-সেই দলের বিচার ছাড়া রাষ্ট্রীয় শুদ্ধি সম্ভব নয়।”
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই বিক্ষোভ, বার্তা স্পষ্ট
প্রতীকীভাবেই বিক্ষোভস্থল নির্বাচিত-জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনেই এই কর্মসূচি পালিত হয়। রাজনৈতিক সমাধানের কেন্দ্র হয়ে উঠতে যাওয়া এই ভবনের সামনেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ যেন আরও একধাপ চাপ তৈরি করল।
পেছনে ছাত্র-জনতা, সামনে নেতৃত্বে নতুন দল
ছাত্র-জনতার ব্যানারে চলা এই আন্দোলনে নেতৃত্ব দিতে আসা এনসিপির উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে এমন সময় যখন জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের দ্বিতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার নেতৃত্বে যমুনার সামনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দাবিতে মধ্যরাতের বিক্ষোভ—রাজনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত বলেই দেখছেন অনেকে।