নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ অভিযান চালায় পুলিশ। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে এসে তার দেওভোগ এলাকার বাড়ি ঘিরে ফেলেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গণমাধ্যমকে জানান, “আইভীর বিরুদ্ধে কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আটক করতে অভিযান চালানো হয়।”
অভিযানের পর রাস্তায় উত্তাল জনতা
পুলিশ চুনকা কুটির নামে পরিচিত আইভীর বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই পাশের রাস্তা ঠেলাগাড়ি, বাঁশ ও ভ্যানগাড়ি দিয়ে বন্ধ করে দেয়। আশপাশের মসজিদের মাইকে লোকজনকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাত ১১টার দিকে কয়েকটি পুলিশের গাড়ি আসে। পুলিশ ঢোকার সঙ্গে সঙ্গেই মসজিদে ঘোষণা হয়। আমরা বের হয়ে আসি।”
পুলিশ অবরুদ্ধ,আইভী বাড়িতেই
স্থানীয়দের বাধায় অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে আটকা পড়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনও বাড়ির ভেতরে অবস্থান করছে এবং ডা. সেলিনা হায়াৎ আইভীও বাড়ির মধ্যেই রয়েছেন।
অভিযান ঘিরে রাজনৈতিক উত্তেজনা
আইভীর বিরুদ্ধে যে মামলাগুলোতে অভিযান চালানো হয়েছে, তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার কয়েকটি ঘটনায় করা। এসব ঘটনায় নিহত ও আহতদের পরিবার দীর্ঘদিন ধরে বিচার দাবি করে আসছিল।
এই ঘটনার পর নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এখন সবাই তাকিয়ে আছে-আইভীকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় কি না।
আইভীকে গ্রেপ্তারের চেষ্টা ঘিরে নারায়ণগঞ্জের দেওভোগে রাতভর উত্তেজনা। জনতা পথে, পুলিশ আটকে, মেয়র বাড়িতেই।