সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ ইস্যুতে ইমিগ্রেশন ও তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-০৮ ২১:১৩:৫২
image

 ৮ মে ২০২৫
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে দায়িত্বে গাফিলতির অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ শাখার এআইজি ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)–কে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে ঠিক কী ধরনের গাফিলতি ঘটেছে বা কীভাবে দেশত্যাগের সুযোগ মিলেছে-সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পুলিশ সদর দপ্তর জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।